জম্মু ও কাশ্মীর-সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা

নয়াদিল্লি, ১০ নভেম্বর : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর সহ উত্তর-পশ্চিমের পাহাড়ি অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আইএমডি-র তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন এলাকায় আগামী ১০ নভেম্বর রাত থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করতে পারে। এর প্রভাবে আগামী ১২-১৩ নভেম্বর জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং মুজফ্ফরাবাদ, কাশ্মীর উপত্যকা ও পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

পাশাপাশি, ১০ থেকে ১৫ নভেম্বরের মধ্যে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু কিছু স্থানে বৃষ্টি এবং উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাত হতে পারে। এছাড়া পাঞ্জাবে ১২ থেকে ১৫ নভেম্বরের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

তামিলনাড়ুতে ১০ নভেম্বর এবং কেরলম ও মাহেতে ১০ থেকে ১৫ নভেম্বর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১০ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ১০ থেকে ১৪ নভেম্বরের মধ্যে ঘণ্টায় ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ১১ নভেম্বর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির অনুমান করা হচ্ছে।

Leave a Comment