ভারত-লেবানন কূটনৈতিক বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা ও সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা।

নয়াদিল্লি, ১০ নভেম্বর : ভারত ও লেবাননের মধ্যে সোমবার নয়াদিল্লিতে প্রথমবারের মতো বিদেশ দফতর পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক এবং সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল গণপরিকাঠামো এবং ওষুধশিল্পে যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়ে উভয় দেশ সম্মতি প্রকাশ করেছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজমাধ্যমের এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় বৈঠকের বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই প্রথম বিদেশ দফতরের আলোচনায় ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিদেশ মন্ত্রকের সচিব (সিপিভি ও ওআইএ) রাষ্ট্রদূত শ্রীপ্রিয়া রঙ্গনাথন। অন্যদিকে, লেবাননের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির বিদেশ ও প্রবাসী মন্ত্রকের মহাসচিব রাষ্ট্রদূত আবদেল সাত্তার ইসা। দুই দেশের শীর্ষ কূটনৈতিক প্রতিনিধিরা যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে ভারত ও লেবাননের পারস্পরিক স্বার্থের সঙ্গে যুক্ত বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়। পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং সামাজিক-সাংস্কৃতিক যোগাযোগের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হয়। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনা খুঁজে বের করা এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও উভয় পক্ষ গুরুত্ব আরোপ করে।

Leave a Comment