কলকাতা, ১০ নভেম্বর : বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও সোমবার সকালে জলমগ্ন হয়ে পড়ল উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা। টালা ট্যাঙ্কের ব্রিটিশ আমলের ৭২ ইঞ্চি ব্যাসের প্রধান পানীয় জলের পাইপ ফেটে যাওয়ায় শহরের একাধিক জায়গায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাইপ থেকে প্রবল বেগে বেরিয়ে আসা জলে টালা, ঘোষবাগান, বনমালী চ্যাটার্জি স্ট্রিট এবং টালা বারোয়ারি সংলগ্ন এলাকা সহ ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট ও বহু বাড়ি প্লাবিত হয়েছে। জলের প্রবল স্রোতে রেললাইনও ডুবে যাওয়ায় চক্ররেল পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। এমনকি স্থানীয় একটি কালীপুজোর মণ্ডপও জলের তলায় চলে গিয়েছে। এই ঘটনায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, সোমবার ভোর প্রায় ছ’টা নাগাদ একটি ক্লাবের অভ্যন্তরে থাকা বিশালাকার পানীয় জলের পাইপটিতে ফাটল দেখা দেয়। এরপর অল্প সময়ের মধ্যেই পাইপ থেকে বিপুল পরিমাণ জল বেরিয়ে আশপাশের রাস্তা ও অলিগলিতে ছড়িয়ে পড়ে। বহু বাড়ির ভিতরে কোমর সমান জল ঢুকে যাওয়ায় চরম সমস্যায় পড়েন বাসিন্দারা। এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে জানান, পাইপ ফাটার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুরসভার কোনও আধিকারিক বা কর্মী ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেননি। তাঁর কথায়, “ভোর ছ’টা নাগাদ ক্লাবের ভেতরের বড় পাইপটি ফেটে যায়। তারপর থেকে দীর্ঘ সময় পুরসভার কোনো আধিকারিক বা কর্মী পরিস্থিতি খতিয়ে দেখতে আসেননি। গোটা এলাকা সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে। বাড়িঘরে জল ঢুকে গিয়েছে এবং অনবরত জল বেরিয়ে আসছে। কোনো কাজই সময়মতো করা হয়নি।” বাসিন্দাদের আরও অভিযোগ, বেশ কয়েক দিন ধরেই পাইপটিতে ফাটলের চিহ্ন দেখা যাচ্ছিল এবং সেখান থেকে অল্প অল্প করে জল বেরোচ্ছিল। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও আগাম কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে পাইপ ফেটে বেরিয়ে আসা জলের স্রোত টালা ব্রিজের নিচ দিয়ে রেললাইনে পৌঁছে যায়। পাশাপাশি স্টেশন সংলগ্ন স্টেবল ইয়ার্ডও জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে রেল চলাচলে বড় ধরনের সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে টালা থেকে মাঝেরহাট পর্যন্ত চক্ররেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা থাকা একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করতে বাধ্য হয় পূর্ব রেল। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার পুরকমিশনার স্মিতা পাণ্ডে। দ্রুত জল সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্মীদের জরুরি ভিত্তিতে কাজ করার নির্দেশ দেন তিনি। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মাটির নিচে থাকা প্রধান পাইপলাইনে জলের চাপ অত্যন্ত বেশি থাকায় ফাটল মেরামত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। পাম্পের সাহায্যে রেললাইন ও রাস্তা থেকে জমে থাকা জল দ্রুত বের করে দেওয়ার চেষ্টা চলছে। তবে পাইপ ফাটার কারণে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।








