প্রগতি ত্রিপুরা, ৯ নভেম্বর, ২০২৬: গাঙ্গাইল রোডে কালীপূজার উদ্বোধন, রাজনৈতিক বক্তব্যে সিপিআইএমকে নিশানা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। গাঙ্গাইল রোডস্থিত শিব-শনি মন্দিরে কালীপূজার উদ্বোধন করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হন। তাঁর বক্তব্যে উঠে আসে সিপিআইএম প্রসঙ্গও। রাজনৈতিক মন্তব্যে তিনি সিপিআইএমকে একটি আসনও না দেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরার মানুষ তাঁকে এবং তাঁর কাজকর্মকে ভালোভাবেই চেনেন। গ্রাম থেকে শহর—রাজ্যের সর্বস্তরের মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। মানুষের সুখে-দুঃখে এবং বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা সবসময় করেছেন বলে উল্লেখ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে অন্ত্যোদয়, অগ্রাধিকারভুক্ত পরিবার এবং বিপিএল কার্ডধারীদের জন্য মাথাপিছু পাঁচ কেজি বিনামূল্যে খাদ্যশস্য প্রদানের বিষয়টি উল্লেখ করেন। তাঁর দাবি, দেশের সাধারণ মানুষের কল্যাণে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং কোটি কোটি মানুষ এর সুফল পাচ্ছেন।
পাশাপাশি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ টেনে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের মতাদর্শের সমালোচনা করেন তিনি। রাজনৈতিক দলগুলির অতীত কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিচার করে সাধারণ মানুষকে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বিপ্লব কুমার দেব।








