উত্তরাখণ্ডে মৃত চার তরুণ পর্বতারোহীর দেহ নিজ গ্রামে নিয়ে আসা হয়েছে; আগামী বৃহস্পতিবার তাঁদের স্বজনদের সমবেদনা জানাতে যাবেন মুখ্যমন্ত্রী

বাঁকুড়া, ৯ নভেম্বর : কালীপূজার সকালে কফিনবন্দি হয়ে বাঁকুড়ার শালবনি ও কেশরা গ্রামে ফিরল উত্তরাখণ্ডে দুর্ঘটনায় মৃত চার পর্বতারোহীর দেহ।

প্রিয়জনদের শেষবার দেখার জন্য সকাল থেকেই গ্রামজুড়ে ভিড় জমান অসংখ্য মানুষ। বাঁকুড়ার বিধায়ক নীলকণ্ঠ চ্যাটার্জি (নীলাদ্রি শেখর দানা) এবং জেলাশাসক অনীশ দাশগুপ্তের তত্ত্বাবধানে প্রশাসনিক মর্যাদায় মরদেহগুলি গ্রামে পৌঁছায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, শালবনি ও কেশরা অঞ্চলের সরকারি আধিকারিকেরা এবং বাঁকুড়া থানার পুলিশ।

জেলা প্রশাসন সূত্র অনুযায়ী, গত ২৭ অক্টোবর থেকে গঙ্গোত্রী-কেদারতাল ট্রেকিং রুটে তুষারধসের কবলে পড়া পাঁচ বন্ধুর খোঁজ মিলছিল না। রাজ্য ও উত্তরাখণ্ড সরকারের যৌথ প্রচেষ্টায় ১ থেকে ৬ নভেম্বর পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে রিন্টু মণ্ডল, তাপস বাউড়ি, উদয় ঘোষ ও মনোজ খাওয়াসের দেহ উদ্ধার সম্ভব হয়। আবহাওয়ার চরম অবনতির কারণে আপাতত তল্লাশি স্থগিত থাকলেও, নিখোঁজ রতন ঘোষের সন্ধানে উত্তরকাশী প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। আগামী ১২ নভেম্বর মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এবং সমবেদনা জানাতে বাঁকুড়ায় আসতে পারেন।

এদিকে, চার বন্ধুর নিথর দেহ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। তবে রতন ঘোষের পরিবার সেই ভিড়ে উপস্থিত থাকতে পারেনি; একমাত্র ছেলের ফেরার অপেক্ষায় থাকা বৃদ্ধ পিতা ভোলানাথ ঘোষের করুণ আকুতি, “সবাই তো ফিরে এল, আমার ছেলেটা কোথায়? প্রশাসন যেন যেকোনো উপায়ে আমার সন্তানকে উদ্ধার করে ফিরিয়ে দেয়।

Leave a Comment