নয়াদিল্লি, ৯ নভেম্বর : রাজধানী দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি রবিবার আরও অবনতি হয়েছে। গোটা শহর ঘন ও বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে যাওয়ায় দৃশ্যমানতা যেমন কমেছে, তেমনই বায়ুর গুণমান সূচক (একিউআই) বিপজ্জনকভাবে ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)।
সিপিসিবির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইন্ডিয়া গেট চত্বরে একিউআই পৌঁছেছে ৩৯৮-এ, যা ‘গুরুতর’ ক্যাটাগরির ঠিক দোরগোড়ায়। এছাড়া আনন্দ বিহারে একিউআই রেকর্ড করা হয়েছে ৩২৮ এবং অক্ষরধাম মন্দির সংলগ্ন এলাকায় তা ৩৩৬ থেকে ৩৪৪-এর মধ্যে ঘোরাফেরা করছে। বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণা (পিএম ২.৫ এবং পিএম ১০)-র পরিমাণ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের চোখ জ্বালা ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে। আবহাওয়াবিদদের মতে, ধীরগতির বাতাস এবং আর্দ্রতার জেরে দূষণকারী কণাগুলি বায়ুমণ্ডলের নিম্নস্তরে আটকে রয়েছে। এই পরিস্থিতিতে শিশু ও শ্বাসকষ্টের রোগীদের সকালের দিকে ঘরের বাইরে না বেরিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।








