৩০ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী অর্চনা বর্মন (দাস)-এর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার

প্রগতি ত্রিপুরা, ৮ নভেম্বর, ২০২৬: আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩০ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী অর্চনা বর্মন (দাস)-এর সমর্থনে যোগেন্দ্রনগরের কাটাশেওলা এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালানো হয়। প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন পার্টি নেতা প্রবোধ দাস, শ্যামল কর্মকার, যুব নেতা গৌতম ঘোষ, রাজীব সরকার, বিপুল দাস, তপশিলি নেতা পরমেশ্বর দাস, রতন দাসসহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

প্রচার চলাকালীন বামফ্রন্ট নেতৃত্ব অভিযোগ করেন, বিগত পাঁচ বছরে আগরতলা পুর নিগম এলাকায় অস্বাভাবিক হারে জলকর ও বাড়িকর বৃদ্ধি করা হলেও সেই অনুপাতে নাগরিক পরিষেবার কোনও উন্নতি হয়নি। এর ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

নেতৃত্বের অভিযোগ, বিভিন্ন এলাকায় নিকাশি ও ড্রেনেজ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। মশার উপদ্রব বৃদ্ধি, বিশুদ্ধ পানীয় জলের সংকট এবং রাস্তাঘাটের বেহাল অবস্থায় জনজীবন বিপর্যস্ত। বামফ্রন্টের দাবি, পূর্ববর্তী বাম আমলে নির্মিত রাস্তাঘাট ও নাগরিক পরিকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণেও বর্তমান পুর নিগম ব্যর্থ হয়েছে। পাশাপাশি সিন্ডিকেট বাণিজ্য ও অতিরিক্ত কর আদায়ের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।

বাড়ি বাড়ি প্রচারের সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের দৈনন্দিন সমস্যা ও ক্ষোভের কথা বামফ্রন্ট প্রার্থীর কাছে তুলে ধরেন বলে নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়। তাঁদের দাবি, আসন্ন পুর নির্বাচনে ৩০ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থীদের প্রতি সাধারণ মানুষের ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

প্রচারে অংশ নেওয়া বামফ্রন্ট নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করেন, নাগরিক পরিষেবার বেহাল দশা, করের বোঝা এবং বিভিন্ন জনসমস্যা নিয়ে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ আসন্ন নির্বাচনে প্রতিফলিত হবে। ৩০ নম্বর ওয়ার্ডসহ আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলেও তাঁরা আত্মবিশ্বাস প্রকাশ করে যান।

 

Leave a Comment