স্কাউটিং ও গাইডিংয়ের মূল্যবোধ তরুণ প্রজন্মের কাছে আরও বেশি প্রাসঙ্গিক : রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ৭ নভেম্বর, ২০২৬: আধুনিক প্রযুক্তিনির্ভর ও দ্রুত পরিবর্তনশীল বিশ্বে স্কাউটিং ও গাইডিং আন্দোলনের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, সহানুভূতি, দলগত কাজ, আত্মনির্ভরশীলতা এবং সমাজসেবার মানসিকতা গড়ে তুলতে এই আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত নেতৃত্বের পরিচয় অন্যের সেবার মধ্যেই নিহিত। মানুষের জীবনে আনন্দ ও সহায়তা পৌঁছে দেওয়াই হওয়া উচিত জীবনের অন্যতম সার্থক লক্ষ্য। শনিবার আগরতলার লোক ভবনের দরবার হলে ত্রিপুরা রাজ্য ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের ‘রাজ্য পুরস্কার’ প্রদান এবং সংগঠনের ৭৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যপাল রাজ্যের বিভিন্ন জেলার মোট ৪৭ জন স্কাউটস ও গাইডসের হাতে ‘রাজ্য পুরস্কার’ তুলে দেন। পুরস্কারপ্রাপকদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি।

বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, স্কাউটিং ও গাইডিং কেবল ক্যাম্পিং, বহিরাঙ্গন কার্যক্রম কিংবা ব্যবহারিক দক্ষতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্দোলনের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মের চরিত্র গঠন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং মানুষের প্রতি দায়িত্ববোধ ও সেবার মানসিকতা তৈরি করা। প্রযুক্তির দ্রুত প্রসারে তরুণ প্রজন্মের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ বজায় রাখাও সমান জরুরি। এ ক্ষেত্রে স্কাউটিং ও গাইডিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ত্রিপুরার স্কাউটস ও গাইডসদের বিভিন্ন সমাজকল্যাণমূলক ও জনসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় তাঁদের মানবিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্কাউটস ও গাইডসরা। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়েই তরুণদের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের বিকাশ ঘটে।

স্বচ্ছ ভারত অভিযানের আওতায় বিভিন্ন স্কুল, বাজার ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় তাঁদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন রাজ্যপাল। পাশাপাশি রক্তদান শিবির আয়োজন, বৃক্ষরোপণ, তামাকবিরোধী প্রচার এবং সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচিতে তাঁদের অবদানের প্রশংসা করেন তিনি।

স্কাউটস ও গাইডস ক্যাপ্টেনদের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন রাজ্যপাল। তাঁদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও নিরলস প্রচেষ্টার ফলেই এই আন্দোলন ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। সংগঠনের প্রশিক্ষক ও পরিচালকদের ‘নেপথ্যের নায়ক’ হিসেবে অভিহিত করে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যপাল।

‘রাজ্য পুরস্কার’-এর গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একজন স্কাউট বা গাইডের জীবনে এই পুরস্কার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি রাজ্য পর্যায়ের সর্বোচ্চ স্বীকৃতি। দীর্ঘদিনের নিষ্ঠা, ধারাবাহিক প্রচেষ্টা, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন, সমাজসেবার প্রতি অঙ্গীকার এবং স্কাউটস প্রতিজ্ঞা ও নিয়মনীতি মেনে চলার মধ্য দিয়েই এই সম্মান অর্জন করতে হয়। বছরের পর বছর অনুশীলন, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রদান করা হয়।

রাজ্যপাল আরও বলেন, পুরস্কারপ্রাপকদের এই সাফল্য শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয়, বরং তাঁদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশিক্ষক এবং সমগ্র স্কাউটস ও গাইডস সংগঠনের কাছেও গর্বের বিষয়। এই স্বীকৃতি আগামী দিনে আরও বৃহত্তর দায়িত্ব পালনে তাঁদের অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে রাজ্যপালের সচিব ইউ. কে. চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে যেমন ৪৭ জন কৃতী স্কাউটস ও গাইডসকে সম্মানিত করা হয়, অন্যদিকে সংগঠনের ৭৭ বছরের গৌরবময় পথচলা এবং সমাজসেবার আদর্শও স্মরণ করা হয়।

Leave a Comment