প্রগতি ত্রিপুরা, ৭ নভেম্বর, ২০২৬: আগামী ১৫ নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী দেশজুড়ে ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে পালনের উদ্যোগকে সামনে রেখে ত্রিপুরাতেও শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এই কর্মসূচিকে সফল করে তুলতে ভারতীয় জনতা জনজাতি মোর্চার উদ্যোগে ভগত সিং যুব আবাসে একদিবসীয় কর্মশালা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, মন্ত্রী বিকাশ দেববর্মা, রামপদ জমাতিয়া, দিল্লি থেকে আগত কেন্দ্রীয় নেতা সমীর ওরাওঁ, রাজ্য জনজাতি মোর্চার সভাপতি-সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব।
কর্মশালায় বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে জনজাতি সমাজের অবদান এবং বীর জনজাতি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ইতিহাস দীর্ঘদিন যথাযথভাবে প্রচারের আলোয় আসেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে জনজাতি নেতাদের অবদান ও আত্মত্যাগের ইতিহাস দেশবাসীর সামনে তুলে ধরা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, অতীতে কংগ্রেস সরকারের আমলে জনজাতি বীরদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া হয়নি। তাঁদের মতে, বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তীকে ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত জনজাতি সমাজের গৌরবময় ইতিহাস ও আত্মত্যাগকে যথাযথ মর্যাদা দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আসন্ন ১৫ নভেম্বর ত্রিপুরার বিভিন্ন প্রান্তেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জনজাতি গৌরব দিবস উদযাপন এবং সংশ্লিষ্ট কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে। এদিনের একদিবসীয় কর্মশালায় দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং জনজাতি বীরদের ইতিহাস ও অবদান সাধারণ মানুষের কাছে তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।








