সোনামুড়ায় ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি, ক্রেতাদের উপচে পড়া ভিড়

প্রগতি ত্রিপুরা, ৭ নভেম্বর, ২০২৬: বাজারে যেখানে সাধারণ পেঁয়াজের দাম প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা, সেখানে মাত্র ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা। কেন্দ্রীয় সরকারের ভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NCCF)-এর উদ্যোগে এই সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। আর এই পেঁয়াজ কিনতে বিক্রয়কেন্দ্রগুলিতে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

সাধারণ মানুষের ক্রমবর্ধমান বাজারদরের চাপ কিছুটা লাঘব করতে NCCF-এর পক্ষ থেকে ভর্তুকি মূল্যে পেঁয়াজ বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন আগরতলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। সংস্থার সঙ্গে যুক্ত বিক্রেতা নীলকণ্ঠ সরকার জানান, মহারাষ্ট্রের নাসিক থেকে ‘কান্দা এক্সপ্রেস’-এর মাধ্যমে এই পেঁয়াজ রাজ্যে আনা হয়েছে। কৃষক ও উৎপাদকদের কাছ থেকে সরাসরি পেঁয়াজ সংগ্রহ করে সমবায় সংস্থার মাধ্যমে তা সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

অন্যদিকে, বাজারে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি এবং অসাধু ব্যবসায়ীদের মজুতদারি ও অতিরিক্ত মুনাফা রুখতে বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণের সীমা নির্ধারণ করা হয়েছে। এর ফলে পাইকারি ক্রেতারা কম দামে পেঁয়াজ কিনে বেশি দামে বাজারে বিক্রি করার সুযোগ পাবেন না বলে জানানো হয়েছে।

উদ্যোক্তাদের দাবি, সরকারি অনুমতি ও প্রয়োজনীয় বৈধ নথিপত্র মেনেই এই বিক্রয় প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। বাজারদরের তুলনায় অর্ধেকেরও কম দামে পেঁয়াজ পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির এই সময়ে NCCF-এর এমন উদ্যোগ সাধারণ মানুষের কাছে যথেষ্ট স্বস্তিদায়ক বলে মনে করছেন ক্রেতাদের একাংশ।

 

Leave a Comment