কেশপুর, ৭ নভেম্বর: : বেপরোয়া গতির জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। শুক্রবার বিকেল ৩টে নাগাদ কেশপুর থানার অন্তর্গত মুগবসান এলাকায় রাজ্য সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। চন্দ্রকোনা থেকে কেশপুরগামী একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমা করে রাখা বালির স্তূপে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। চালক-সহ গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চন্দ্রকোনার দিক থেকে কেশপুরের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আচমকাই গাড়িটি নির্ধারিত লেন ছেড়ে বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর রাস্তার পাশে রাখা বালির স্তূপে সজোরে ধাক্কা লাগে।
সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই গাড়ির ভিতর থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, নিয়মিত নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা জরুরি।








