মেলাঘর পুর পরিষদ ও সোনামুড়া নগর পঞ্চায়েতের ১৯টি আসনে মনোনয়ন জমা কংগ্রেসের

প্রগতি ত্রিপুরা, ৬ নভেম্বর, ২০২৬: আসন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সিপাহীজলা জেলায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ তুঙ্গে উঠছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেলাঘর পুর পরিষদ ও সোনামুড়া নগর পঞ্চায়েতের মোট ১৯টি আসনে প্রার্থী দিয়ে নিজেদের নির্বাচনী শক্তির পরিচয় দিল জাতীয় কংগ্রেস।

জানা গেছে, মেলাঘর পুর পরিষদের ৬টি এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ১৩টি আসনে জয়লাভের লক্ষ্য নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছে কংগ্রেস। এদিন দুই এলাকার মোট ১৯টি আসনের জন্য দলীয় মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এদিন কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এলাকার বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে ঐতিহাসিক নেতাজি চৌমুহনীতে এসে মিলিত হয়।

পরবর্তীতে নেতাজি চৌমুহনী থেকে দলীয় মনোনীত প্রার্থীরা একে একে সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান। সেখানে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার (RO) রূপন দাস এবং অতিরিক্ত মহকুমা শাসক দিব্যেন্দু দাসের কাছে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

আসন্ন নির্বাচনে মেলাঘর ও সোনামুড়ার ১৯টি আসনেই জয়ের লক্ষ্যে কোমর বেঁধে মাঠে নেমেছে কংগ্রেস। এখন দেখার বিষয়, নির্বাচনী লড়াইয়ে ভোটারদের কতটা সমর্থন আদায় করতে সক্ষম হয় জাতীয় কংগ্রেস।

Leave a Comment