২০৮ নম্বর জাতীয় সড়কের ধুলোয় অতিষ্ঠ নিজামপুরার জনজীবন, দিনে একাধিকবার জল ছিটানোর দাবি এলাকাবাসীর

প্রগতি ত্রিপুরা, ৬ নভেম্বর, ২০২৬: ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা এবং লাগামহীন ধুলোবালির দাপটে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সড়ক সংলগ্ন নিজামপুরা এলাকার বাসিন্দারা। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচলের ফলে রাস্তা থেকে উড়ছে ধুলোর মেঘ। যার জেরে গোটা এলাকা কার্যত ধুলোয় আচ্ছন্ন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধুলোর প্রকোপ এতটাই বেড়েছে যে বাড়িঘর থেকে শুরু করে রাস্তার পাশের দোকানপাট পর্যন্ত ধুলোয় ঢেকে যাচ্ছে। ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও ধুলোর হাত থেকে রেহাই মিলছে না। অন্যদিকে, দোকানের সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ধুলোয় নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন ব্যবসায়ীরা।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অতিরিক্ত ধুলাবালির কারণে শিশু ও প্রবীণদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যার আশঙ্কা বাড়ছে। ফলে জাতীয় সড়ক সংলগ্ন এলাকার মানুষের কাছে ধুলো এখন নিত্যদিনের আতঙ্কে পরিণত হয়েছে।

ধুলো নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় জল ছিটানোর ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, দিনে মাত্র একবার জল ছিটানো হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাস্তা শুকিয়ে আবারও ধুলোর দাপট শুরু হয়। ফলে এই সাময়িক ব্যবস্থায় সমস্যার কোনও স্থায়ী সমাধান হচ্ছে না।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অংশ সংস্কারের উদ্যোগ নিতে হবে। রাস্তা সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত প্রতিদিন অন্তত দুই থেকে তিনবার নিয়মিতভাবে জল ছিটানোর ব্যবস্থা করতে হবে।

জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত এই গুরুতর সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও উচ্চ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন নিজামপুরা এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। তাঁদের বক্তব্য, প্রতিদিনের এই দুর্ভোগ আর কতদিন সহ্য করতে হবে? এখন দেখার বিষয়, এলাকাবাসীর এই দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

 

Leave a Comment