প্রগতি ত্রিপুরা, ৬ নভেম্বর, ২০২৬: সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। তিপ্রা মথা দলের পক্ষ থেকে এই ওয়ার্ডে সুমেশ মগকে এনডিএ জোটের সমর্থিত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তিপ্রা মথার শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর সুমেশ মগের নাম চূড়ান্ত করা হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের এক প্রতিনিধি জানান, এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে এনডিএ জোট সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য ২ নম্বর ওয়ার্ডের সকল ভোটারের কাছে আবেদন জানানো হয়েছে।
তিনি আশাপ্রকাশ করেন, সুমেশ মগ বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তাঁর জয়ের মধ্য দিয়ে সাব্রুম নগর পঞ্চায়েতে তিপ্রা মথা দল প্রথমবারের মতো জয়ের সূচনা করবে। পাশাপাশি নির্বাচনে সাফল্য অর্জনের লক্ষ্যে এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন তিনি।
এদিকে, এই মনোনয়নকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সমীকরণে নতুন জল্পনা তৈরি হয়েছে। কারণ, গতকাল একই ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে কমলা রানী চাকমাও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ফলে এনডিএ জোটের সমর্থিত প্রার্থী হিসেবে সুমেশ মগের নাম ঘোষণার পর কমলা রানী চাকমা তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। আগামী দিনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমার মধ্যে ২ নম্বর ওয়ার্ডের চূড়ান্ত নির্বাচনী চিত্র কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।








