কিয়েভ/বার্লিন, ৫ নভেম্বর: আমেরিকার মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি আলোচনার ঠিক আগে ইউক্রেনের জ্বালানি পরিকাঠামোয় ব্যাপক হামলা চালাল রাশিয়া। মঙ্গলবার রাতভর শত শত ড্রোন ও একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎকেন্দ্র ও সাবস্টেশনগুলিকে নিশানা করা হয়। এর ফলে দেশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। আগামী ১০ ও ১১ নভেম্বর আবু ধাবিতে আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনরায় শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সোমবার জাপোরিঝিয়া অঞ্চলের যুদ্ধফ্রন্টের কাছে কোমিশুভাখা গ্রামের একটি স্কুলে দু’বার বোমাবর্ষণ করে রুশ বাহিনী। ওই স্কুলটি ত্রাণসামগ্রী বিতরণের কাজে ব্যবহার করা হচ্ছিল। হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৫০ জন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনের হামলায় রাতভর ইয়ারোস্লাভ শহরের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে।
উল্লেখ্য, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সহযোগিতায় সম্মত হওয়া স্বল্পমেয়াদি মানবিক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার দু’দিনেরও কম সময়ের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে। ফলে আসন্ন শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাশিয়ার দাবি, জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা-সহ আরও দুটি জনবসতির আশপাশে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের বাহিনী। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়া জানিয়েছে, এই অভিযানে ইউক্রেনের ২৫ জন সেনার মৃত্যু হয়েছে। পাশাপাশি ১৫টি সামরিক যান এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনাকেন্দ্র ধ্বংস করা হয়েছে।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে বার্লিনে এক যৌথ সাংবাদিক সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার এই হামলা প্রমাণ করছে, ওলেশকি ও তার আশপাশে মানবিক যুদ্ধবিরতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে মস্কো মানুষের প্রাণহানি ঘটাতেই বেশি আগ্রহী। ইউক্রেন, মিত্র দেশ, আমেরিকা ও রাশিয়ার মধ্যে বৈঠকের প্রস্তুতি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এবং আমেরিকার আর্থিক সহায়তা প্রত্যাহারের সিদ্ধান্তের পর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক হিসেবে উঠে এসেছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস প্রস্তাবিত শান্তি আলোচনাকে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এই প্রক্রিয়ায় ইউরোপের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মের্ৎস বলেন, “রাশিয়ার পক্ষ থেকেও অবশেষে যুদ্ধবিরতি এবং পরবর্তী শান্তি চুক্তি নিয়ে আন্তরিক আলোচনায় অংশ নেওয়া জরুরি। তবে এখনও পর্যন্ত রাশিয়ার মধ্যে তেমন কোনও আগ্রহের লক্ষণ আমি দেখতে পাইনি।” আসন্ন আলোচনার আগে বুধবার ইউরোপীয় কমিশনের উদ্যোগে আমেরিকা, ন্যাটো, ইউরোপের মিত্র দেশগুলি এবং ইউক্রেনকে নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, এই বৈঠকে ইউক্রেনের সমৃদ্ধি পরিকল্পনা এবং নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বৃহস্পতিবার আরও একটি বৈঠকের আয়োজন করবে ন্যাটো। জেলেনস্কির দাবি, মঙ্গলবার রাতভর ইউক্রেনের দিকে ২৮৯টি ড্রোন, ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। দক্ষিণের কৃষ্ণসাগরীয় বন্দর শহর ওডেসা থেকে পশ্চিমের রিভনে পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎকেন্দ্র ও সাবস্টেশনগুলিকে নিশানা করা হয়েছে।
ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ডিটিইকে জানিয়েছে, তাদের পাঁচটি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রই হামলার কারণে বন্ধ হয়ে গিয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে শহরের বিদ্যুৎ পরিস্থিতিকে অত্যন্ত সংকটজনক বলে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, রাশিয়া ধারাবাহিকভাবে ইউক্রেনের সমন্বিত বিদ্যুৎ ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এবং সরবরাহের ট্রান্সমিশন লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাম্প্রতিক দিনগুলিতে কিয়েভ ও আশপাশের বিদ্যুৎ পরিকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।
পশ্চিমী দেশগুলির রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ডেনিস শ্মিহাল টেলিগ্রামে জানান, খমেলনিতস্কি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবস্টেশনের দিকে তিনটি ড্রোন পাঠিয়েছিল রুশ বাহিনী। তাঁর কথায়, “এই ধরনের পদক্ষেপ শুধু ইউক্রেনের জন্য নয়, গোটা ইউরোপের পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রেও বিপদ তৈরি করছে।” খমেলনিতস্কি ইউক্রেনের চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে অন্যতম। এই তালিকায় রয়েছে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের প্রথম দিক থেকেই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
গত শীতের ভয়াবহ অভিজ্ঞতা এখনও ভুলতে পারেননি ইউক্রেনের সাধারণ মানুষ। রুশ হামলার জেরে লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন বিদ্যুৎ ও গরম রাখার ব্যবস্থা থেকে বঞ্চিত হয়েছিলেন। এবার শীতের আগেই দেশের একাধিক শহরে দীর্ঘ সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় নতুন করে উদ্বেগ বাড়ছে। মধ্য ইউক্রেনের দিনিপ্রো শহরের ৪৯ বছর বয়সি বাসিন্দা ওলগা হিরিয়া বলেন, “এবারের শীত অত্যন্ত কঠিন হতে চলেছে। রাশিয়া বিদ্যুৎকেন্দ্র এবং তাপ সরবরাহ কেন্দ্রগুলিতে হামলা চালাচ্ছে। ফলে আগামী শীতের দিনগুলি সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠবে।” আঞ্চলিক প্রশাসনের তরফে জানানো হয়েছে, দিনিপ্রো শহরে রুশ হামলায় দু’জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২০ জন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি জানিয়েছেন, হামলায় একটি রেলস্টেশন, যাত্রীবাহী রেলগাড়ির কামরা এবং একাধিক ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার নির্বাচনের দিনেই রাশিয়ার হামলা, অতিরিক্ত আকাশ প্রতিরক্ষার আবেদন জেলেনস্কির জেলেনস্কি বলেন, আমেরিকার কংগ্রেস নির্বাচনের দিনেই রাশিয়ার এই হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউক্রেনকে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য মিত্র দেশগুলির কাছে আবেদন জানিয়েছেন তিনি। জেলেনস্কির কথায়, “রাশিয়ার ধারণা, আমেরিকা তাদের এই বার্তার দিকে নজর দেবে না। কিন্তু এই ধরনের সন্ত্রাসকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং তা বন্ধ করতে হবে।”
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সামরিক কারখানা এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের বাহিনী। চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়া বারবার ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি পরিকাঠামোয় আঘাত হেনেছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সরবরাহ ব্যবস্থা এবং তাপ সরবরাহের পরিকাঠামো ধ্বংসের পাশাপাশি শীতের মরশুম এগিয়ে আসার সঙ্গে সঙ্গে হামলার তীব্রতাও বেড়েছে। অন্যদিকে, চলতি বছরে রাশিয়ার তেল শোধনাগারগুলিকে লক্ষ্য করে পাল্টা হামলা বাড়িয়েছে ইউক্রেনও। ইউক্রেনীয় প্রশাসনের দাবি, মঙ্গলবার রাতের এই হামলা চলমান যুদ্ধের অন্যতম বৃহৎ বিমান হামলা। এর ফলে রাজধানী কিয়েভ-সহ অন্তত ছয়টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাজধানীতে জল সরবরাহ এবং পরিবহণ ব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।








