ওয়াশিংটন, ৪ নভেম্বর: মধ্য-পশ্চিম আমেরিকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াইয়ে বড়সড় ধাক্কা খেলেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা বিবেক রামস্বামী। ওহাইওর গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের কাছে পরাজয় স্বীকার করে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের জোরালো সমর্থন পাওয়া এই নির্বাচনে পরাজয়ের পর এক সংযত নির্বাচনী সভায় সমর্থকদের উদ্দেশে রামস্বামী বলেন, “দেশের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে, তা নিয়ে আমার সত্যিই গভীর উদ্বেগ রয়েছে। এই বাস্তবতা এড়িয়ে যাওয়ার কোনও উপায় নেই।”
তবে হতাশার মধ্যেও আশাবাদী থাকার বার্তা দিয়েছেন ৪১ বছর বয়সি এই রিপাবলিকান নেতা। তাঁর কথায়, “আমাদের দেশের ইতিহাসে বহু উত্থান-পতন এসেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রতিবারই ঘুরে দাঁড়িয়ে উন্নতির পথ খুঁজে পেয়েছি বলে আমি বিশ্বাস করি।”
উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওহাইওতে বিপুল ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই রাজ্যেই রামস্বামীর পরাজয় রিপাবলিকান শিবিরের কাছে বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে প্রায় ৫১ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ৬০ বছর বয়সি চিকিৎসক ও ওহাইওর প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা অ্যামি অ্যাকটন। অন্যদিকে, রামস্বামী পেয়েছেন প্রায় ৪৬ শতাংশ ভোট। লিবার্টেরিয়ান প্রার্থী ডন কিসিক পেয়েছেন প্রায় ৩ শতাংশ ভোট। এই জয়ের মধ্য দিয়ে ওহাইওর ইতিহাসে প্রথম মহিলা গভর্নর নির্বাচিত হয়েছেন অ্যাকটন। পাশাপাশি ২০০৬ সালের পর প্রথম ডেমোক্র্যাট হিসেবে এই পদে বসতে চলেছেন তিনি।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওহাইওতে ট্রাম্পের ১১ শতাংশ ভোটের ব্যবধানে জয়ের তুলনায় এবারের ফলাফলে ডেমোক্র্যাটদের দিকে প্রায় ১৬ শতাংশ ভোটের সুইং লক্ষ্য করা গিয়েছে।
পরাজয় স্বীকারের পর রামস্বামী জানান, তিনি ইতিমধ্যেই অ্যামি অ্যাকটনের সঙ্গে যোগাযোগ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনী প্রচারে যুক্ত কর্মী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সরকারি পদে না থাকলেও ওহাইওর মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি নিজের বাবা-মা, স্ত্রী অপূর্বা, তিন সন্তান এবং নির্বাচনে তাঁর রানিং মেট ওহাইও সেনেটের প্রেসিডেন্ট রব ম্যাককলির প্রতিও কৃতজ্ঞতা জানান।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার দৌড়ে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় রাজনীতিতে পরিচিতি লাভ করেন রামস্বামী। এবারের নির্বাচনে জয়ী হলে ওহাইওর প্রথম ভারতীয় বংশোদ্ভূত গভর্নর হওয়ার নজির গড়তেন তিনি।
রামস্বামীর প্রচারে সরাসরি অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৮ অক্টোবর চিলিকোথে এক নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেছিলেন, “আর ছয় দিন পর ওহাইওর মানুষ বিবেক রামস্বামীকে তাদের গভর্নর হিসেবে নির্বাচিত করবেন।” পরবর্তীতে ৩১ অক্টোবর টেলিফোনের মাধ্যমে নির্বাচনী প্রচারেও রামস্বামীর প্রতি সমর্থন জানান তিনি। অন্যদিকে, ২ নভেম্বর নিজের রাজ্য ওহাইওতে ফিরে সোয়ান্টনে নির্বাচনের আগের দিন প্রচার চালান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তবে ট্রাম্প ও ভ্যান্সের প্রত্যক্ষ সমর্থন সত্ত্বেও নির্বাচনে জয় অধরা থেকে যায় রিপাবলিকানদের। শুধু গভর্নর পদেই নয়, সেনেট নির্বাচনেও ধাক্কা খেয়েছে দলটি। রিপাবলিকান প্রার্থী জন হাস্টেডকে পরাজিত করে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট নেতা শেরড ব্রাউন।
নির্বাচনের শেষ পর্যায়ে রামস্বামীর প্রচার ক্রমশ বিতর্কিত হয়ে ওঠে। ডেমোক্র্যাট প্রার্থী অ্যাকটনের বিচ্ছিন্ন থাকা মাকে নিয়ে তৈরি একটি বিজ্ঞাপনে অ্যাকটনের বিরুদ্ধে অসততার অভিযোগ তোলা হয়। বিজ্ঞাপনটি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়। বিদায়ী রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনও এর বিরোধিতা করেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প রামস্বামীর এই প্রচারকৌশলকে সমর্থন করেছিলেন।
প্রচারে রামস্বামী কর কমানো, সরকারি নিয়ন্ত্রণ হ্রাস এবং সরকারি ব্যয় সংকোচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অন্যদিকে, অ্যামি অ্যাকটন স্বাস্থ্য পরিষেবা, জীবনযাত্রার ব্যয় হ্রাস, শিক্ষা এবং কর্মজীবী পরিবারগুলির আর্থিক স্বস্তির বিষয়গুলিকে অগ্রাধিকার দেন। নির্বাচনী প্রচারে নিজের ব্যক্তিগত সম্পদ থেকেও বিপুল অর্থ বিনিয়োগ করেন রামস্বামী। সেপ্টেম্বরের শেষ নাগাদ নিজের প্রচারাভিযানে ৩ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি ঋণ দিয়েছিলেন তিনি।
১৯৮৫ সালে ওহাইওর সিনসিনাটিতে জন্মগ্রহণ করেন বিবেক রামস্বামী। তাঁর বাবা-মা দুজনেই ভারতীয় অভিবাসী। তাঁদের আদি বাড়ি কেরলের পালাক্কাড় জেলার ভাদাক্কেনচেরিতে। তাঁর বাবা ভি জি রামস্বামী কেরলে পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে আমেরিকায় পাড়ি দেন। মা গীতা রামস্বামী পেশায় মনোরোগ বিশেষজ্ঞ।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রামস্বামী ইয়েল ল স্কুল থেকেও আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ২০১৪ সালে তিনি বায়োটেকনোলজি সংস্থা ‘রোয়িভ্যান্ট সায়েন্সেস’ প্রতিষ্ঠা করেন। মার্কিন রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূত এই নেতার উত্থান এবং ওহাইওর নির্বাচনে তাঁর পরাজয় এখন জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।








