এসআইআর-এর খসড়া ভোটার তালিকায় অথবা পরবর্তীকালে যাঁদের নাম পাওয়া যাচ্ছে না, সেই পূর্ববর্তী ভোটারদের ফর্ম-৬ জমা দেওয়ার বিষয়ে স্পষ্টিকরণ

আগরতলা,৪ নভেম্বর,২০২৬: বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় যেসব পূর্ববর্তী ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়নি, তাঁদের মধ্যে কেউ কেউ ফর্ম-৬ জমা দিতে দ্বিধাবোধ করছেন। কারণ, ফর্ম-৬-এর সঙ্গে তাঁদের একটি ঘোষণাপত্র জমা দিতে হয়, যেখানে উল্লেখ করতে হয় যে, ভোটার তালিকায় তাঁদের নাম প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ফলে, সংশ্লিষ্ট ভোটাররা মনে করছেন যে, পূর্বে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও ফর্ম-৬ জমা দিলে তা মিথ্যা ঘোষণা হিসেবে গণ্য হতে পারে এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ৩১ ধারার অধীনে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এ প্রসঙ্গে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফর্ম-৬-এ নির্ধারিত ঘোষণাপত্রটি ০১.০৮.২০২২ তারিখ থেকে কার্যকর রয়েছে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, খসড়া ভোটার তালিকায় যাঁর নাম অন্তর্ভুক্ত নেই, তিনি নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম-৬ জমা দিতে পারবেন।

সুতরাং, যে সকল ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নেই, তাঁদের পূর্বে ভোটার তালিকায় নাম নথিভুক্ত ছিল কি না, তা নির্বিশেষে, এসআইআর চলাকালীন অথবা পরবর্তীকালে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নতুন করে আবেদন করতে হবে। অতএব, এই ধরনের পরিস্থিতিতে ফর্ম-৬ জমা দেওয়ার উদ্দেশ্য হলো এসআইআর চলাকালীন অথবা পরবর্তীকালে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা। সংশ্লিষ্ট ভোটারের নাম পূর্বে ভোটার তালিকায় নথিভুক্ত ছিল শুধুমাত্র এই কারণে ফর্ম-৬ জমা দেওয়াকে মিথ্যা ঘোষণা বলে গণ্য করা যাবে না।

এই প্রসঙ্গে জানানো যাচ্ছে যে, ফর্ম-৬-এ নির্ধারিত ঘোষণাপত্রটি ০১.০৮.২০২২ তারিখ থেকে কার্যকর রয়েছে। এ বিষয়ে স্পষ্ট করা হচ্ছে যে, যে সকল ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নেই, তাঁরা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম-৬ জমা দিতে পারবেন। সেই অনুযায়ী, শুধুমাত্র এই কারণে যে কোনো ভোটারের নাম পূর্ববর্তী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল এবং তিনি এসআইআর প্রক্রিয়া চলাকালীন অথবা পরবর্তীকালে ফর্ম-৬ জমা দিয়েছেন, সেই কারণে কোনো ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার-এর পক্ষ থেকে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ৩১ ধারার অধীনে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না।

তবে শর্ত থাকবে যে, সংশ্লিষ্ট ভোটারের নাম অন্য কোনো সংসদীয় বা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় ইতিমধ্যে অন্তর্ভুক্ত থাকা চলবে না এবং তাঁর দাখিল করা ঘোষণাপত্রটি আইনসম্মত হতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

Leave a Comment