ত্রিপুরায় সংগঠন বিস্তারে উদ্যোগী CJP, যুবসমাজকে সঙ্গে নিয়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলনের প্রস্তুতি

বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ সমস্যাকে সামনে রেখে তৃণমূল স্তরে সংগঠন মজবুত করার পরিকল্পনা।

প্রগতি ত্রিপুরা, ৪ নভেম্বর, ২০২৬: বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ সমস্যাকে সামনে রেখে তৃণমূল স্তরে সংগঠন মজবুত করার পরিকল্পনা ত্রিপুরায় সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি যুবসমাজকে একত্রিত করে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে CJP।

বুধবার সংগঠনের ত্রিপুরা ইউনিটের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন CJP নেতা শাহিদ, মণিপুর থেকে আগত সংগঠনের নেতা নূর শাহ। এছাড়াও ত্রিপুরায় সংগঠনের দায়িত্বে থাকা শুভম, প্রণব, অপ্রজিত-সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে শাহিদ জানান, শুধু ত্রিপুরা নয়, উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও সংগঠনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক আলোচনা চলছে। এরই অংশ হিসেবে ত্রিপুরায় এসে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে বৈঠক করা হয়েছে।

কীভাবে তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা যায় এবং আঞ্চলিক সমস্যা ও ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কীভাবে সংগঠিতভাবে সরব হওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, ত্রিপুরায় বেকারত্ব, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যুৎ সমস্যার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই সমস্যাগুলিকে সামনে রেখে যুবসমাজকে সংগঠিত করে একটি শক্তিশালী মঞ্চ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

CJP একটি সম্পূর্ণ অরাজনৈতিক চাপ সৃষ্টিকারী মঞ্চ হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই দাবি করে শাহিদ বলেন, সরকারে যে দলই থাকুক না কেন, তাকে সংবিধান মেনে চলতে হবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

শাহিদ আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যেই ত্রিপুরা ইউনিটের সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করে সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

অন্যদিকে, ত্রিপুরার যুব প্রতিনিধি শুভম বলেন, রাজ্যের যুবসমাজ বর্তমানে নানা সমস্যার সম্মুখীন। সেই সমস্যাগুলি যথাযথভাবে তুলে ধরা এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে যুবকদের ঐক্যবদ্ধ করাই তাঁদের মূল উদ্দেশ্য।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংগঠনের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া ও গণতান্ত্রিক অধিকার নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন নেতারা। তাঁদের অভিযোগ, ২০১৪ সাল থেকে ঘোড়া কেনাবেচা এবং বিধায়কদের দলবদলের মাধ্যমে সরকার পরিবর্তনের ঘটনাগুলি গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করেছে। পাশাপাশি ভোটাধিকার সুরক্ষা ও নির্বাচন প্রক্রিয়ায় সংস্কারের দাবিও জানান তাঁরা।

তাঁদের বক্তব্য, সংবিধান মেনেই নির্বাচন পরিচালিত হতে হবে এবং দেশের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে হবে। এরাজ্যের বিভিন্ন সমস্যা, যুবসমাজের দাবি-দাওয়া এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে আগামী দিনে ধারাবাহিকভাবে সরব হওয়ার বার্তা দিয়েই এদিনের সাংবাদিক সম্মেলন শেষ হয়।

 

Leave a Comment