আন্তর্জাতিক ডেস্ক:, ০৩ নভেম্বর, ২০২৬: জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চলা সত্ত্বেও যুদ্ধ অবসানে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি করা থেকে এখনো অনেক দূরে রয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ফের প্রত্যক্ষ সংঘাতের ঝুঁকি এড়াতে নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি এখনো থমথমে।
গত রাতে ইরানের কিশম দ্বীপে ‘প্রতিরক্ষামূলক’ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন বিমান ও আকাশপথের সরঞ্জামের ওপর হামলা চালাতে ব্যবহৃত ভূ-পৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। অন্যদিকে, ইরানের রেভোলিউশনারি গার্ডস জানিয়েছে, তারা রাতে হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলীয় আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। “তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার মতপার্থক্য কমিয়ে আনতে মধ্যস্থতাকারীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন,” বলেন ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা। গত আট দিন ধরে আলোচনাধীন ইরান-মার্কিন চুক্তির খসড়া নিয়ে আলোচনার উদ্দেশ্যে সোমবার রাতে কাতারের মধ্যস্থতাকারীরা তেহরানে পৌঁছানোর পর তিনি এসব কথা বলেন।
ইরানি কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত দেখতে চায়, তবে তেহরানের শর্তগুলো অবশ্যই মেনে নিতে হবে।” তিনি আরও জানান, শর্ত পূরণ হওয়ার পরই কেবল পরমাণু আলোচনা শুরু হতে পারে এবং তেহরান ওয়াশিংটনের কোনো ‘অতিরিক্ত দাবি’ মেনে নেবে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ মঙ্গলবার বলেন, তেহরান ওয়াশিংটনকে একটি “দৃঢ় ও যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া” দিয়েছে, তাই বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে।অন্যদিকে, ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মার্কিন হামলার জবাবে ইরান এ অঞ্চল এবং এর বাইরেও কঠোর প্রতিক্রিয়া জানাবে।
গালিবাফ আরও বলেন, “শত্রু ভয়ভীতি ও সামরিক অভিযানের মাধ্যমে ইরানি জাতিকে বশ্যতা স্বীকার করাতে চায়, কিন্তু তারা চরম ভুল করছে। ইরান কখনোই নতি স্বীকার করবে না।” তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল হিসাব-নিকাশের ক্ষেত্রে ইরানের জবাব হবে অপ্রত্যাশিত এবং তা কোনো ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মঙ্গলবার মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে হুমকি দেওয়া সামরিক হামলা পুনরায় শুরু করবেন কি না, তা নিয়ে সোমবার সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি যোগ করেন, তিনি বিশ্বাস করেন তেহরান যত দ্রুত সম্ভব একটি চুক্তি করতে চায়।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদানের পাশাপাশি আঞ্চলিক স্তরে সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে, সেজন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার জানিয়েছেন, ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনা চলছে। তেহরানের লক্ষ্য হলো বিদেশি সামরিক উপস্থিতি ছাড়াই এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা।
গত সপ্তাহে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা তেহরানে ইরানি কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। গত আগস্টের পর ইরান ও এই তিন দেশের মধ্যে এটিই প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ। ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ ইতিমধ্যে সৌদি আরব ও ইয়েমেনে ছড়িয়ে পড়েছে। রিয়াদ জানিয়েছে, এই সফরের উদ্দেশ্য ছিল “সামরিক সংঘাতের পুনরাবৃত্তি রোধে” যোগাযোগের পথ উন্মুক্ত করা। কারণ, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই মারাত্মক রূপ নিয়েছে।
আরব উপদ্বীপের হরমুজ প্রণালীর বিপরীত দিকে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-পথ বাবেল মানদেব প্রণালীর দিকে হুতি বিদ্রোহীরা অগ্রসর হওয়ার পর থেকেই সৌদি আরবে তাদের হামলা তীব্রতর হয়েছে। হুতিরা সৌদির তেল স্থাপনা এবং রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরে হামলা চালিয়েছে, যার ফলে ফ্লাইট চলাচল ও তেল রপ্তানি ব্যাহত হয়। এর জবাবে সৌদি আরবও ইয়েমেনে বিমান হামলা জোরদার করে। উল্লেখ্য, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকারকে রাজধানী সানায়া থেকে বিতাড়িত করার পর থেকেই দরিত্র দেশ ইয়েমেন গৃহযুদ্ধে নিমজ্জিত রয়েছে।








