প্রগতি ত্রিপুরা, ৩ নভেম্বর, ২০২৬: আসন্ন পৌরসভা ও নগর সংস্থা নির্বাচনকে কেন্দ্র করে কুমারঘাট পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডে ক্রমশ জমে উঠছে নির্বাচনী উত্তাপ। নির্বাচনী প্রস্তুতির অঙ্গ হিসেবে মঙ্গলবার ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ১৫টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ডে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিন ৩, ৪, ৫, ৬, ৮, ৯, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের মোট নয়জন কংগ্রেস প্রার্থী কুমারঘাটের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
কংগ্রেসের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন উনকোটি জেলা কংগ্রেসের সহ-সভাপতি রিন্টু লাল দেব, অসিত দেব, সুভাষ দাস, ফুলকুমারী গোস্বামী ও মাম্পি দাস। মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থীরা নিজেদের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, স্থানীয় দুর্নীতি, স্বজনপোষণ, পানীয় জলের সংকট এবং নিকাশী ব্যবস্থার বেহাল দশাকে নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেছে কংগ্রেস। এই সমস্ত নাগরিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই জোরকদমে নির্বাচনী প্রচারে নামার প্রস্তুতি শুরু করেছেন দলের প্রার্থীরা।
এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে কুমারঘাট কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে প্রার্থীরা সমর্থকদের নিয়ে জমায়েত হন।
এই মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক সত্যবান দাস, সাধারণ সম্পাদক তরুণ সাহা, সৌরভ চক্রবর্তী, বিকাশ দাস, সঞ্জয় দাস-সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
কুমারঘাট পৌর পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের এই মনোনয়ন দাখিলকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।








