আগরতলা রেলস্টেশনে ২৩.৭৭০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন মহিলা

প্রগতি ত্রিপুরা, ৩ নভেম্বর, ২০২৬: আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ২৩.৭৭০ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করল আগরতলা জিআরপিএস। এই ঘটনায় তিন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১১ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন আরপিএফ পোস্ট ও শৌচাগারের মধ্যবর্তী পার্কিং এলাকার সামনে তল্লাশি অভিযান চালানো হয়। এসআই পঙ্কজ বিশ্বাসের নেতৃত্বে মহিলা পুলিশকর্মীদের একটি দল সেখানে সন্দেহভাজন তিন মহিলাকে আটক করে।

পরবর্তীতে তাঁদের সঙ্গে থাকা পিঠের ব্যাগ তল্লাশি করে মোট ২৩.৭৭০ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত মহিলাদের বাড়ি বিহার ও নাগাল্যান্ডে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পাশাপাশি তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগরতলার কোনও একটি উৎস থেকে গাঁজাগুলি সংগ্রহ করে রেলপথে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আগরতলা জিআরপিএস থানার ওসি রাজু ভৌমিক।

ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পরবর্তী সময়ে তাঁদের আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

Leave a Comment