ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পর্যালোচনা অজিত ডোভালের

আন্তর্জাতিক, ০২ অক্টোবর, ২০২৬: ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে সোমবার হ্যানয়ে ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী তথা জাতীয় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফান ভ্যান জিয়াংয়ের সঙ্গে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল। বৈঠকে দুই দেশের চলমান প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।

ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে সম্মত হয়েছে।

রবিবার সরকারি সফরে হ্যানয়ে পৌঁছান অজিত ডোভাল। ভারত ও ভিয়েতনামের মধ্যে বর্ধিত ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও মজবুত করা এবং দুই দেশের কৌশলগত সহযোগিতা পর্যালোচনা করাই এই সফরের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, ২০২৬ সালের মে মাসে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের ভারত সফরের সময় দুই দেশের সম্পর্ককে ‘বর্ধিত ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করা হয়। সেই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট তো লাম দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দুই দেশের নেতাই মত প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে উভয় দেশের উন্নয়ন ও কৌশলগত স্বার্থ সুরক্ষিত হবে। ভারতের ‘বিকশিত ভারত ২০৪৭’ এবং ভিয়েতনামের ‘ভিশন ২০৪৫’ বাস্তবায়নেও এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি ২০৩০ সাল পর্যন্ত ভারত-ভিয়েতনাম প্রতিরক্ষা অংশীদারিত্বের যৌথ রূপরেখা বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এর আগে গত মাসে নয়াদিল্লিতে ভারত ও ভিয়েতনামের মধ্যে চতুর্থ নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়। সেখানে সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ভারতের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পবন কাপুর এবং ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রকের উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল ফাম থে তুং যৌথভাবে ওই সংলাপে সভাপতিত্ব করেন।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বৈঠকে দুই দেশ চলমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতি দুই বছর অন্তর নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়। দুই দেশের ঐতিহ্যগত নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি সাইবার নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও অংশীদারিত্ব সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Comment