প্রগতি ত্রিপুরা, ২ নভেম্বর, ২০২৬: গভীর রাতে উদয়পুরের জেলা কংগ্রেস নেতা পার্থ সাহার বাড়িতে দুষ্কৃতীদের অতর্কিত হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল রাত আনুমানিক ১০টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
ঘটনার খবর পেয়ে আজ সকালে জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পার্থ সাহার বাড়িতে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।
পরবর্তী সময়ে প্রতিনিধি দলের সদস্যরা পার্থ সাহাকে সঙ্গে নিয়ে আর কে পুর থানায় যান। সেখানে ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু এবং অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। থানায় ওসি উপস্থিত না থাকায় ডিউটি অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর, জেলা যুব কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ দাস-সহ জেলা ও ব্লক স্তরের বিভিন্ন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। তবে হামলার অভিযোগ নিয়ে পুলিশ প্রশাসন এবং বিজেপির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়
নি।








