চড়িলাম পুরান বাড়ি সড়কে দুইটি বাইকের সংঘর্ষে আহত ৪!

প্রগতি ত্রিপুরা, ১ নভেম্বর, ২০২৬: রবিবার দুপুরে চড়িলাম পুরানবাড়ি সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তাঁরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।

আহতরা হলেন জাকির হোসেন (২১ বছর) , রঞ্জু আলী (১৮ বছর), ঝুমন মিয়া (১৯ বছর) , সঞ্জয় দেববর্মা (১৫ বছর)। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা করেন। তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। বাকি দুজনের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনার পর দুটি বাইকই রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। তবে দীর্ঘক্ষণ পর্যন্ত ঘটনাস্থলে প্রশাসনের কোনও তৎপরতা চোখে পড়েনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment