প্রগতি ত্রিপুরা, ৩০ অক্টোবর, ২০২৬: আগরতলার ব্যস্ততম জিবি বাজার এলাকায় তীব্র যানজটের জেরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে ব্যস্ত সময়ে রাস্তার উপর একটি স্কুলবাস বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, যানজট সামাল দিতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশের উপস্থিতি ও তৎপরতা দেখা যায়নি। ফলে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় একাধিক যানবাহনকে।
ঘটনাস্থলে উপস্থিত এক গাড়িচালকের অভিযোগ, স্কুলবাসটি রাস্তার উপর বিকল হয়ে পড়ার পর ট্রাফিক পুলিশের একজন কর্মী পরিস্থিতি দেখতে এগিয়ে গেলেও যানজট নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। এর ফলে দুর্ভোগ আরও বাড়ে।
সবচেয়ে উদ্বেগের বিষয়, জিবি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানের সামনে এভাবে যানজট তৈরি হলে জরুরি চিকিৎসার জন্য আসা রোগীদেরও সমস্যায় পড়তে হতে পারে। অ্যাম্বুল্যান্স কিংবা সংকটাপন্ন রোগী নিয়ে আসা গাড়ি দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ওই গাড়িচালক।
তাঁর কথায়, আগরতলা শহরে আগে যে রাস্তা অতিক্রম করতে আধ ঘণ্টা সময় লাগত, বর্তমানে যানজটের কারণে সেখানে প্রায় এক ঘণ্টা লেগে যাচ্ছে। শহরের রাস্তায় গাড়ি চালানো এখন রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে। স্মার্ট সিটি প্রকল্পের উন্নয়ন নিয়েও প্রশ্ন তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, ডাবল ইঞ্জিন সরকারের স্মার্ট সিটি প্রকল্পের প্রচার থাকলেও বাস্তবে সাধারণ মানুষকে যানজটের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
পাশাপাশি রাস্তার জায়গা দখল হয়ে যাওয়ার কারণেও সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রশাসনের উদাসীনতার ফলে প্রতিদিনই সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে তাঁর দাবি।
জিবি বাজারসহ আগরতলার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে যানজট নিয়ন্ত্রণে নিয়মিত ট্রাফিক পুলিশের উপস্থিতি, বিকল যানবাহন দ্রুত সরানোর ব্যবস্থা এবং হাসপাতাল সংলগ্ন রাস্তায় জরুরি যান চলাচল নির্বিঘ্ন রাখার জন্য প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।








