গাড়ির গোপন চেম্বারে ১২২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার চালক

প্রগতি ত্রিপুরা, ২৯ অক্টোবর, ২০২৬: গোপন চেম্বারে গাঁজা লুকিয়ে পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বোলেরো পিকআপ গাড়ি থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার করেছে কদমতলা থানার পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এই ঘটনায় গাড়ির চালক কৃষ্ণ ঘোষকে আটক করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাধানগর এলাকার জেলখানা নাকা পয়েন্টে TR 01 AR 1642 নম্বরের বোলেরো পিকআপ গাড়িটিকে আটক করা হয়। এরপর ডিডিসি, ডিসিএন এবং ফরেনসিক দলের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির বডির ভিতরে তৈরি গোপন চেম্বার থেকে মোট ১৭ প্যাকেট গাঁজা উদ্ধার হয়।

ফরেনসিক দলের পরীক্ষায় উদ্ধার হওয়া সামগ্রী গাঁজা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর ইলেকট্রনিক ওজন যন্ত্রের সাহায্যে সেগুলির ওজন করা হয়। তাতে মোট ১২২ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে।

ঘটনায় গাড়ির চালক কৃষ্ণ ঘোষকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা-সহ প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment