প্রগতি ত্রিপুরা ২৯ অক্টোবর, ২০২৬: তেলিয়ামুড়ার নেতাজিনগরে জাতীয় সড়কে দুর্ঘটনা, হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। অল্টো গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিন কলেজছাত্রী। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অটোচালকও। বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকার ডিএম কলোনি রোডের সামনে জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, মহারানীপুর এলাকার বাসিন্দা সুস্মিতা দাস (২০), সুমিত্রা শীল (২০) ও বাসনা দাস একটি অটোতে করে কলেজে যাচ্ছিলেন। অটোটির নম্বর TR06 2976। অটোটি চালাচ্ছিলেন সমীর দাস (৪১)। সেই সময় TR07 0392 নম্বরের একটি অল্টো গাড়ি অটোটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে অটোতে থাকা তিন কলেজছাত্রী এবং চালক আহত হন।
দুর্ঘটনার পর আহত তিন ছাত্রীকে একটি বেসরকারি গাড়িতে করে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তাঁরা আহত অটোচালক সমীর দাসকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনায় জড়িত অল্টো গাড়ি ও অটোটি আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখার বিষয় রয়েছে।








