দুর্গাপুজোর চাঁদা নিয়ে বিবাদে মা ও ছেলেকে মারধরের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রগতি ত্রিপুরা, ২৬ অক্টোবর, ২০২৬: দুর্গাপুজোর চাঁদা নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক বৃদ্ধা ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্রামগঞ্জের নবতারা ক্লাবের দুই সদস্য জয়ন্ত দাস ও বুলু রায়ের বিরুদ্ধে। ঘটনায় বৃদ্ধা কল্পনা রায়ের মাথায় গুরুতর আঘাত লাগে বলে পরিবারের দাবি। জিবি হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়ি ফিরেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েও পুলিশি সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছেন আক্রান্তের পরিবার।

বিশ্রামগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী প্রসেনজিৎ রায় ও তাঁর মা কল্পনা রায়ের অভিযোগ, দুর্গাপুজোর অষ্টমীর দিন চাঁদা নিয়ে বিবাদের জেরে তাঁদের উপর হামলা চালানো হয়। এতে বৃদ্ধা কল্পনা রায়ের মাথা ফেটে যায় বলে দাবি পরিবারের। পরে তাঁকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরিবারের আরও অভিযোগ, জয়ন্ত দাস ও বুলু রায়ের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করছে না। অভিযুক্ত জয়ন্ত দাস শাসকদলের স্থানীয় নেতা রতন দাসের ভাই হওয়ায় পুলিশ পদক্ষেপ করছে না বলে অভিযোগ আক্রান্তদের। তবে এই অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য জানা যায়নি।

অসহায় অবস্থায় প্রসেনজিৎ রায় ও তাঁর মা মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাঁরা যেন ন্যায়বিচার পান। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment