গাড়িচালকের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা যুবরাজনগরে, অভিযুক্তকে গণধোলাইয়ের অভিযোগ

প্রগতি ত্রিপুরা, ২৬ অক্টোবর, ২০২৬: উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা এলাকার ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতে এক গাড়িচালকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম শিহাব উদ্দিন (৩২)। পরিবারের অভিযোগ, মারধরের জেরেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ইচুব আলীকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামবাসীদের হাতে তাঁকে মারধরের অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিহাব উদ্দিন, পিতা মনির উদ্দিন, গত চার দিন ধরে গাড়ি নিয়ে নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, ওই সময় তাঁর কাছে কোনও মোবাইল ফোন ছিল না। অভিযোগ, মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি একই পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইচুব আলীর বাড়িতে ছিলেন।

পরিবারের সদস্যদের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় এক অজ্ঞাতপরিচয় টোটোচালক শিহাবকে ইচুব আলীর বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যান। বাড়ি ফেরার সময় তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল বলে অভিযোগ। পরিবারের লোকজনের সঙ্গে অল্প কিছু কথা বলার পরই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে শিহাব ইচুব আলীর নাম উল্লেখ করে তাঁকে মারধর করা হয়েছে বলে জানিয়েছিলেন বলে পরিবারের দাবি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। গ্রামবাসীরা ইচুব আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এর আগে উত্তেজিত জনতার হাতে তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এদিকে, ঘটনার সঙ্গে মাদক কারবারের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ। তবে এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলতে পারে। শিহাবের মৃত্যুর পেছনে মারধরের ভূমিকা এবং মাদক কারবারের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment