ধানের জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ, কাঠগড়ায় পরিবারের সদস্যরা

প্রগতি ত্রিপুরা, ২৪ অক্টোবর, ২০২৬: পারিবারিক ও জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ধানের জমিতে আগাছানাশক প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত সমরেন্দ্রগঞ্জ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত জমির মালিক মরণ পাল এই ঘটনায় শ্রীনগর আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

অভিযোগকারী মরণ পালের দাবি, তাঁর ছোট ভাই অরুণ পাল, মনসা পাল এবং তাঁদের মেয়ে পাপিয়া পাল তাঁর ধানের জমিতে আগাছানাশক প্রয়োগ করে ফসল নষ্ট করে দিয়েছেন। পাশাপাশি জমিতে বসানো একাধিক সীমানা চিহ্ন বা পিলার ভেঙে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

মরণ পালের বক্তব্য, জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা তাঁকে জমিতে ফসল ফলাতে দিতে চাইছেন না। এই বিবাদের কারণে তাঁর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জানা গেছে, মরণ পাল কর্মসূত্রে পরিবার নিয়ে উদয়পুরে বসবাস করেন। তাঁর অভিযোগ, এই সুযোগে তাঁর অনুপস্থিতিতে জমিতে আগাছানাশক প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে। এর ফলে চলতি মরশুমে কৃষিকাজ ও পরিবারের জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি তাঁর।

এই ঘটনায় শ্রীনগর আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে বলে জানা গেছে। তবে জমিতে কীভাবে ফসল নষ্ট হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনও তদন্তসাপেক্ষ।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষিজমির ক্ষতি হয়ে থাকলে তার প্রকৃত কারণ নির্ধারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

Leave a Comment