গৃহবধূর বিরুদ্ধে নির্যাতন ও হামলার অভিযোগ, পুলিশের দ্বারস্থ গ্রামবাসী

প্রগতি ত্রিপুরা, ২৪ অক্টোবর, ২০২৬: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে গৃহবধূ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে নির্যাতন, হামলা এবং নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিশ্রামগঞ্জের বড়জলা গ্রাম পঞ্চায়েতের বাঁধের পাড় এলাকায়। অভিযুক্ত গৃহবধূ জান্নাত বেগম, তাঁর বাবা আবুল কাশেম মিয়া এবং রোসনা বেগমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে সংবাদমাধ্যমের সামনে নিজেদের ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান তাঁরা।

গ্রামবাসীদের অভিযোগ, জান্নাত বেগম দীর্ঘদিন ধরে তাঁর স্বামী নজরুল ইসলামের উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন। জুতো ও শলা-ঝাড়ু দিয়ে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এ ছাড়া এলাকায় নেশাজাতীয় দ্রব্য বিক্রি এবং গ্রামবাসীদের বাড়ি থেকে রাবারের শিট চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। তবে এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গ্রামবাসীদের আরও অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে জান্নাত বেগম তাঁর দুই বছরের শিশুসন্তানকে বাড়ির বাইরে উঠোনে ফেলে রেখে বাপের বাড়িতে চলে যান। এই ঘটনাকে কেন্দ্র করেও এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি তাঁদের।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, গতকাল জিরানিয়া খলা এলাকা থেকে তিনটি গাড়িতে করে একদল লোক এসে নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। সেই সময় বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করা হয় এবং ঘর থেকে ৪০ হাজার টাকা নগদ নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি, নজরুল ইসলামের মা ও ভাইয়ের স্ত্রীকে ঘরের মধ্যে মারধর করা হয়েছে বলেও দাবি করেছেন গ্রামবাসীরা।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জের বড়জলা গ্রাম পঞ্চায়েতের বাঁধের পাড় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসুক এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

তবে ঘটনায় উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে পুলিশ প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এবং তদন্তের অগ্রগতি জানা যায়নি। অভিযোগের সত্যতা নির্ধারণে পুলিশি তদন্তের দিকেই এখন তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

Leave a Comment