আন্তর্জাতিক, ২১ অক্টোবর, ২০২৬:, : ২০২৭ সালের জানুয়ারিতে প্রস্তাবিত ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিটের আগে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে জাপানের শিল্পমহলের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করলেন গুজরাতের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংঘভি। টোকিও সফরে তিনি নিপ্পন স্টিল, কানেকা কর্পোরেশন, ইতোচু কর্পোরেশন এবং আলট্রাফ্যাব্রিকস-সহ একাধিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। মঙ্গলবার গুজরাত সরকারের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
নিপ্পন স্টিলের চেয়ারম্যান এইজি হাশিমোতো ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে গুজরাতে উন্নতমানের নির্ভুল ইস্পাত উৎপাদন শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সাংঘভি সমাজমাধ্যমে জানান, রাজ্যে শিল্প সম্প্রসারণের পাশাপাশি জাপানি সংস্থাগুলির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।
কানেকা কর্পোরেশনের প্রেসিডেন্ট ইসাও ওৎসুর সঙ্গে আলোচনায় রাসায়নিক শিল্প ও জীবনবিজ্ঞান ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। অন্যদিকে, আলট্রাফ্যাব্রিকস হোল্ডিংসের প্রতিনিধিদের সঙ্গে কৃত্রিম চামড়া এবং সংশ্লিষ্ট শিল্পে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন গুজরাতের উপমুখ্যমন্ত্রী।
ইতোচু কর্পোরেশনের সঙ্গে বৈঠকে পরিবেশবান্ধব শক্তি ও আন্তর্জাতিক বাণিজ্যে যৌথ উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখা হয়। পাশাপাশি হিরেসোর সঙ্গে আলোচনায় ক্লাউড কম্পিউটিং এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) স্থাপনের বিষয়টি উঠে আসে।
জাপান সফরের অংশ হিসেবে শিজুওকা প্রদেশেও যান সাংঘভি। বুলেট ট্রেনে সেখানে পৌঁছে প্রদেশের গভর্নর ইয়াসুতোমো সুজুকির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। শিল্পোন্নয়ন, উন্নত প্রযুক্তি এবং দুই অঞ্চলের মধ্যে যৌথ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আসন্ন ভাইব্র্যান্ট গুজরাত সম্মেলনে যোগ দেওয়ার জন্য সুজুকিকে আমন্ত্রণও জানান সাংঘভি।
এ ছাড়া টোকিওতে বস্ত্রশিল্পের প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে অংশ নেন তিনি। সেখানে ৩৫টিরও বেশি বস্ত্র সংস্থার প্রতিনিধিরা গুজরাতের বস্ত্রশিল্পের পরিকাঠামো, বিনিয়োগের সুযোগ এবং জাপানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। গাড়ির যন্ত্রাংশ ও উৎপাদন শিল্পে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে ইয়াজাকির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হয়।
গুজরাত সরকারের লক্ষ্য, ভাইব্র্যান্ট গুজরাত সম্মেলনকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, উন্নত প্রযুক্তির আদানপ্রদান এবং শিল্পক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। জাপানের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের শিল্প ও বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।








