রুশ হামলায় ইউক্রেনে মৃত ৩, বিদ্যুৎহীন ৬ লক্ষ মানুষ

আন্তর্জাতিক, ১৫ অক্টোবর: ইউক্রেনের রাজধানী কিয়েভ ও খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টি বিদ্যুৎ ও জ্বালানি পরিকাঠামো। হামলার জেরে প্রায় ৬ লক্ষ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এই হামলাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রতি রাশিয়ার প্রকাশ্য অবজ্ঞা বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। তাঁর অভিযোগ, ওয়াশিংটনের বার্তাকে গুরুত্ব দিচ্ছে না মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কিয়েভের আশপাশে চারটি এবং খারকিভে দুটি বিদ্যুৎকেন্দ্র-সহ একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইউক্রেনের দাবি, রাশিয়ার ছোড়া ৩৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র চারটি প্রতিহত করা সম্ভব হয়েছে। অস্ত্রের ঘাটতিতে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাপে রয়েছে।

শীতের আগে রুশ হামলা বাড়ায় ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেতস্কি জানান, বুধবার দেশের পাঁচটি অঞ্চলে রাষ্ট্রীয় রেল পরিকাঠামোতেও হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের পাল্টা হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর দাবি, এসব হামলার কারণে জ্বালানির দাম বাড়ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রুশ তেল শোধনাগারে হামলা বন্ধ না করলে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতামূলক গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন এখনও কিয়েভকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।

জ্বালানি পরিকাঠামোয় হামলা বন্ধে দুই পক্ষ সম্মত হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও মস্কো ও কিয়েভ—কেউই আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার কথা নিশ্চিত করেনি।

Leave a Comment