বাণিজ্য-যোগাযোগে জোর, আবুধাবিতে জর্জিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ অক্টোবর: সংযুক্ত আরব আমিরশাহিতে তিন দিনের সফরের শুরুতেই বুধবার আবুধাবিতে জর্জিয়ার বিদেশমন্ত্রী মাকা বোচোরিশভিলির সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটন, শিক্ষা, যোগাযোগ ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকের কথা জানিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জর্জিয়ার মধ্যে বাণিজ্য, পর্যটন ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ক ক্রমশ বিস্তৃত হচ্ছে। ব্যবসা, যোগাযোগ, সংস্কৃতি এবং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়েও আলোচনা হয়েছে।

বুধবার আবুধাবিতে পৌঁছালে ভারতের বিদেশমন্ত্রীকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরশাহির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রীম আল হাশিমি।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, সফরকালে জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরশাহির শেখ আবদুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সেখানে ভারত-আমিরশাহি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি আবুধাবিতে দ্বিতীয় ‘রাইসিনা মিডল ইস্ট’ সম্মেলনের আলোচনাতেও অংশ নেবেন তিনি।

উল্লেখ্য, গত মাসে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জয়শঙ্কর, শেখ আবদুল্লাহ এবং ফ্রান্সের বিদেশমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর সঙ্গে ত্রিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছিলেন। সেই বৈঠকে পশ্চিম এশিয়ার পরিস্থিতিও পর্যালোচনা করা হয়।

Leave a Comment