অনলাইন ডেস্ক, ১৪ অক্টোবর, ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবা থেকে রাষ্ট্র সেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ ঊনকোটি জেলা ভিত্তিক ‘সেবা কে রঙ, রাষ্ট্র কে সঙ’ অনুষ্ঠান কুমারঘাটের পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয়। অনুষ্ঠান প্রাঙ্গণে স্থানীয় শিল্পীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গরীব কল্যাণে যে সকল প্রকল্পগুলোর তিনি চালু করেছেন তা রঙ্গোলি অঙ্কনের মাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের দিশা বদলে গেছে। আর দিশা বদলের সাথে সাথে দেশের অবস্থারও ইতিবাচক পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে উন্নীত করতে চাইছেন। এই স্বপ্ন সাকার করতে যুব সমাজকে বেশী করে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন ঊনকোটি জিলা পরিষদের সদস্য বিমল কর।
সভাপতিত্ব করেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস। স্বাগত বক্তব্য রাখেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক যোগেস রিয়াং। উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি সন্তোষ ধর, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শংকর দেব প্রমুখ। এদিকে, সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে কুমারঘাট পুর পরিষদ, কুমারঘাট ব্লক ও পেঁচারথল ব্লক এলাকায় ৩টি জন সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়। পথ নাটকগুলো পরিচালনায় ছিল নির্ঘোষ নিকন নাট্য সংস্থা।








