নয়াদিল্লি, ১৪ অক্টোবর: ভারত-নেপাল ও ভারত-ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রথম বিমসটেক (BIMSTEC) স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পার্শ্ববৈঠকে নেপাল ও ভুটানের স্বরাষ্ট্রমন্ত্রী যথাক্রমে সুধন গুরুং এবং লুংটেন দর্জির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অমিত শাহ জানান, আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে ভারত ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
অন্যদিকে, ভুটানের স্বরাষ্ট্রমন্ত্রী লুংটেন দর্জির সঙ্গেও বৈঠকে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য পূরণের ওপর গুরুত্ব দেন অমিত শাহ।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নয়াদিল্লিতে প্রথম বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষ হয়। বৈঠকে গৃহীত হয় ‘দিল্লি ঘোষণা’। বঙ্গোপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি সংযুক্ত, নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সদস্য দেশগুলির প্রতিনিধিরা।
বৈঠকে সন্ত্রাসবাদ, মাদক পাচার, সংগঠিত অপরাধ, সাইবার অপরাধ, অর্থপাচার, মানব পাচার, অস্ত্র চোরাচালান, জলদস্যুতা এবং অবৈধ অনুপ্রবেশের মতো আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সন্ত্রাসবাদে ব্যবহৃত সাইবার পরিসরের অপব্যবহার রোধ এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়।







