কৃষকদের হাতেই সরকারি কার্যালয়ের উদ্বোধন, নজির গড়লেন কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১০ অক্টোবর, ২০২৬: কৃষকদের সম্মান জানাতে প্রচলিত রীতির বাইরে গিয়ে দুই কৃষককে দিয়ে সরকারি কার্যালয়ের ফিতা কাটালেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। রবিবার খোয়াইয়ের অফিসটিলায় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীন দুটি নতুন কার্যালয়ের উদ্বোধন ঘিরে এই ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়ে।

প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত কার্যালয় দুটির ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ, এসসি সাব-কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা-সহ কৃষি দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি ও কর্মীরা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দুই কৃষকের হাতে ফিতা কেটে উদ্বোধন পর্বের সূচনা। কৃষকদের অবদানকে স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়। কৃষকরা দেশের অন্নদাতা। তাঁদের পরিশ্রমের উপর নির্ভর করেই খাদ্য সরবরাহ ব্যবস্থা ও গ্রামীণ অর্থনীতি সচল থাকে। সেই কৃষকদের হাতেই সরকারি কার্যালয়ের উদ্বোধন বিশেষ তাৎপর্য বহন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রাজ্যের কৃষিক্ষেত্রের অগ্রগতি ও কৃষকদের আয় বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, বর্তমান সরকারের আমলে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে এবং কৃষিক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, কৃষিপণ্যের বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজ্যে কৃষি মার্কেট নির্মাণে অর্থ ব্যয় করা হয়েছে। এর ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্য বিক্রির আরও ভালো সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

খোয়াইয়ে নতুন কার্যালয় দুটি চালু হওয়ায় কৃষি দপ্তরের প্রশাসনিক কাজকর্ম আরও গতিশীল হবে এবং কৃষকদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া সহজ হবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।

Leave a Comment