প্রগতি ত্রিপুরা, ১১ অক্টোবর, ২০২৬: এসআইআর (SIR) বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লিতে আন্দোলনরত ছাত্র-যুব ও গণতন্ত্রপ্রেমী মানুষের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্র ও যুব সংগঠনগুলি। কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনা করে আন্দোলনকারীদের দাবি, প্রতিবাদ দমনে রেল ও মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং বিক্ষোভকারীদের আটক করার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে এআইডিএসও (AIDSO) ও এআইডিওয়াইও (AIDYO)-এর যৌথ আহ্বানে দেশজুড়ে প্রতিবাদ দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। সংগঠনগুলির দাবি, দিল্লিতে আন্দোলনকারীদের ওপর প্রশাসনিক দমন-পীড়নের ঘটনা উদ্বেগজনক। আসাম, বিহার, কর্ণাটক-সহ দেশের বিভিন্ন রাজ্যে এই প্রতিবাদ কর্মসূচিতে সাড়া মিলেছে বলেও সংগঠনগুলির তরফে জানানো হয়েছে।
আন্দোলন চলাকালীন বিভিন্ন স্তরের বহু নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে প্রতিবাদী সংগঠনগুলি। তাঁদের বক্তব্য, শান্তিপূর্ণ আন্দোলন ও মতপ্রকাশের অধিকার গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সেই অধিকার খর্ব করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে।
সংগঠনগুলির প্রধান দাবি, অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বাতিল করতে হবে। পাশাপাশি, ভোটারদের অধিকার খর্ব করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণ, গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে।
ভোটাধিকার রক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী দিনেও দেশব্যাপী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এআইডিএসও ও এআইডিওয়াইও।








