প্রগতি ত্রিপুরা, ০৬ অক্টোবর, ২০২৬: অটোচালককে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগে বিশালগড় থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত ১ অক্টোবর বিশালগড় থানায় এই ঘটনায় মামলা (BLG 84/2026) দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রমেশ হরিজন নামে এক অটোচালক বিশালগড় থেকে আগরতলার উদ্দেশে যাওয়ার পথে পুবষ্টিলা এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁর পথ আটকায়। অভিযোগ, এরপর তাঁকে জোর করে একটি জঙ্গলে নিয়ে গিয়ে মারধর করা হয়। তাঁর কাছ থেকে নগদ ৭ হাজার টাকা নেওয়ার পাশাপাশি বাড়িতে ফোন করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার পর বিশালগড় থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে গতকাল দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ তাদের আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
পুলিশের দাবি, ঘটনায় আরও তিন থেকে চারজনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তাদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। তদন্তের স্বার্থে গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম পুলিশি তদন্তের পরবর্তী পর্যায়ে প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।








