লেফুঙ্গায় ৮০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথা

প্রগতি ত্রিপুরা, ০৫ অক্টোবর, ২০২৬: ভিলেজ কমিটি নির্বাচনে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। মোহনপুর মহকুমাধীন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের লেফুঙ্গা ব্লকের ১০টি ভিলেজ কমিটির মোট ৮০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিপ্রা মথা মনোনীত প্রার্থীরা। বিজেপি-সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে ওই আসনগুলিতে কোনও মনোনয়ন জমা পড়েনি বলে জানা গেছে।

৫ অক্টোবর ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে লেফুঙ্গা কমিউনিটি হলে বিজয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য (CEM) রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার লেফুঙ্গা ব্লক কমিটির সভাপতি দীপক দেববর্মা, রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক-সহ নবনির্বাচিত প্রার্থীরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। বিজয়ী প্রার্থীদের নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসও লক্ষ্য করা যায়।

নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রশাসনিকভাবে নির্ধারিত প্রক্রিয়া মেনেই নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

এদিকে, লেফুঙ্গা ব্লকের ১০টি ভিলেজ কমিটির ৮০টি আসনে তিপ্রা মথা প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়কে দলের সাংগঠনিক শক্তির প্রতিফলন বলে মনে করছেন দলের স্থানীয় নেতৃত্ব ও সমর্থকরা। তাঁদের দাবি, CEM রুনিয়েল দেববর্মার সাংগঠনিক তৎপরতা এবং জনজাতি এলাকার মানুষের সঙ্গে তাঁর ধারাবাহিক যোগাযোগের ফলেই এই সাফল্য এসেছে।

নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে CEM রুনিয়েল দেববর্মা বলেন, গোটা রাজ্যেই তিপ্রা মথার জয়জয়কার দেখা গেছে। নিজের এলাকায় সবকটি ভিলেজ কমিটিতে দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় তিনি দলের প্রতিষ্ঠাতা ‘বুবাগ্রা’-কে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, আগামী দিনেও জনজাতি এলাকার মানুষের সুবিধা-অসুবিধা, সুখ-দুঃখের সঙ্গে পাশে থেকে কাজ করে যেতে চান। মানুষের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়নে কাজ করার কথাও জানান তিনি।

Leave a Comment