পাহাড়ে বিরোধীদের অস্তিত্ব থাকবে না, দাবি বিজেপি সভাপতির

প্রগতি ত্রিপুরা, ০৫ অক্টোবর, ২০২৬: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় দাবি করেন, পাহাড়ে সিপিআইএম ও কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্ব ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। তাঁর বক্তব্য, আগেই বলা হয়েছিল পাহাড়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ও কংগ্রেসের অস্তিত্ব থাকবে না এবং নির্বাচনের ফলাফলে তারই প্রতিফলন দেখা গেছে।

সিপিআইএমের দীর্ঘদিনের শাসনকালের প্রসঙ্গ তুলে ধরে অভিষেক দেবরায় বলেন, পাহাড়ে তারা কতটা উন্নয়ন করেছে, তা মানুষ জানে। গণমুক্তি পরিষদের নাম করে দীর্ঘদিন মানুষকে শোষণ ও নিপীড়ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর আরও দাবি, সিপিআইএমের শাসনামলে পাহাড়ে উগ্রপন্থার সমস্যাও ছিল। এসব অভিজ্ঞতার ভিত্তিতেই পাহাড়ের মানুষ ওই দলকে আর ক্ষমতায় ফিরিয়ে আনতে চান না বলে দাবি করেন তিনি।

২০২৮ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে এনডিএ জোট বড় জয় পাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন প্রদেশ বিজেপি সভাপতি।

তবে নির্বাচনোত্তর হিংসা নিয়ে দলের কর্মী-সমর্থকদেরও সতর্ক করেন অভিষেক দেবরায়। তিনি বলেন, এনডিএ-র বিজয়ের আনন্দ যেন অন্য কারও নিরানন্দের কারণ না হয়। শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বিজয় উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সামনেই দুর্গাপূজা। তাই রাজ্যে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ভিলেজ কমিটিতে জয়ী প্রার্থীদের উদ্দেশে জনগণের রায়কে পুঁজি করে এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান প্রদেশ বিজেপি সভাপতি।

Leave a Comment