নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

প্রগতি ত্রিপুরা, ০৫ অক্টোবর, ২০২৬: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যে যাতে কোনও ধরনের নির্বাচনোত্তর হিংসা বা সন্ত্রাসের ঘটনা না ঘটে, তার জন্য সকলের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। মানুষকে মারধর করা, গাড়ি ভাঙচুরসহ যেকোনও ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আবেদন জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, চাম্পাহাওরে অকারণে একজনের প্রাণহানি ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয়। মৃত ব্যক্তির পরিবারের পাশে সরকার থাকবে এবং পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এদিকে, কাঠালিয়া ব্লকের অন্তর্গত থলিবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ভোট গণনাকেন্দ্রের বাইরে আইজি আইনশৃঙ্খলার গাড়ি ভাঙচুরের ঘটনাও স্বীকার করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁরাও ঘটনাটি নিশ্চিত করেছেন।

তবে একইসঙ্গে বিরোধী দল সিপিআইএম ও কংগ্রেসকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বিরোধীরা বুঝতে পারছে না যে মানুষের সমর্থন তাদের সঙ্গে নেই। গায়ের জোরে রাজনীতি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মানুষের চাহিদা ও মতামত বুঝে রাজনীতি করার পাশাপাশি মিথ্যা প্রচার থেকে বিরত থাকার জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

তিপ্রা মথার সঙ্গে বিজেপির চুক্তি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, তিপ্রা মথার সঙ্গে চুক্তির ভিত্তিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে জোট করার চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই জোট বাস্তবায়িত হয়নি। ভিলেজ কমিটি নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলেও জানান তিনি। তবে দু-একটি ক্ষেত্রে ভুল হয়েছে এবং সেখানে বিজেপির প্রার্থী দেওয়া হলে ভালো হতো বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment