তুল্লাশিকরে ভোট গণনাকে কেন্দ্র করে উত্তেজনা, বিএসএফের লাঠিচার্জে আহত কর্মীর মৃত্যু

প্রগতি ত্রিপুরা, ০৫ অক্টোবর, ২০২৬: তুল্লাশিকর ব্লকের অধীন ভোট গণনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। সোমবার সকাল থেকে গণনা প্রক্রিয়া শুরু হওয়ার পর একদল লোক গণনা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা লাঠিচার্জ করেন।

লাঠিচার্জে মতিলাল কর্মকার নামে এক সক্রিয় রাজনৈতিক কর্মী গুরুতর আহত হন বলে পরিবারের ও স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁকে প্রথমে ক্ষয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১২টার পর তাঁর মৃত্যু হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এদিকে, পরিস্থিতি নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের আলোচনা হয়েছে বলে জানা গেছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি সংযত থাকার এবং কোনো ধরনের গুজব বা উসকানিতে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ এবং লাঠিচার্জের পরিস্থিতি নিয়ে প্রশাসনের তদন্তের পরই বিস্তারিত তথ্য স্পষ্ট হবে।

Leave a Comment