কলেজ অফ ফিশারিজের ২৮তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উচ্চশিক্ষা মন্ত্রী,

‘কলেজ অফ ফিশারিজ’ রাজ্যে মত্স্য শিক্ষা, দক্ষতা ও জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে
অনলাইন ডেস্ক, ০৩ অক্টোবর, ২০২৬: লেম্বুছড়াস্থিত ত্রিপুরায় কলেজ অফ ফিশারিজের ২৮তম প্রতিষ্ঠা দিবস আজ উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যে একটি পৃথক মৎস্য বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, রাজ্যে পৃথক মৎস্য বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে মৎস্য শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে আরও শক্তিশালী করা যাবে।’কলেজ অফ ফিশারিজ’ রাজ্যে মত্স্য শিক্ষা, দক্ষতা ও জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে । তিনি শিক্ষার সাথে বাস্তব জীবনের সমস্যাগুলোর সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং জ্ঞান, গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবন-ভিত্তিক একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি উন্নত ভারত গড়ার লক্ষ্যে মৎস্য ক্ষেত্রের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তিনি রাজ্যের মৎস্যজীবী সম্প্রদায়ের উন্নয়ন এবং মাছ উৎপাদনে রাজ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে মৎস্য ক্ষেত্রের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উচ্চ শিক্ষামন্ত্রী ‘রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম’ (RAS) এবং ‘ফিশ সিড রিয়ারিং ইউনিট’-এর উদ্বোধন করেন। পাশাপাশি, ছাত্রদের হোস্টেল ভবনের সম্প্রসারিত অংশেরও উদ্বোধন করেন । কলেজ অফ ফিশারিজের ২৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে ‘বার্ষিক কলেজ সপ্তাহ-২০২৬’-এর সাহিত্য, ক্রীড়া, সাংস্কৃতিক ও সামগ্রিক কার্যক্রমে বিজয়ীদের ট্রফি প্রদান করা হয়।

এছাড়া ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এবং ‘একাডেমিক এক্সিলেন্স’ এর জন্যও পুরস্কার প্রদান করা হয়।২০২৫-২৬ সালে বিভিন্ন ক্ষেত্রে পেশাগত সাফল্য ও অবদানের জন্য মোট ৩৯ জন কৃতি প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।আইসিএআর এআইইইএ (পিজি)-২০২৬ পরীক্ষায় কলেজের শীর্ষ দুই স্থানাধিকারীকে ‘প্রফেসর জে. আর. ধানজে মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। জাতীয় স্তরে আইসিএআর এআইইইএ (পিজি)-২০২৬ পরীক্ষায় ফিশারিজ সায়েন্স বা মৎস্য বিজ্ঞানে সর্বভারতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী এস. দিনেশ সিং-কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

কলেজের ডিন প্রফেসর অরুণ ভাই প্যাটেল প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সহায়তা প্রদানকারী সকল বিশিষ্ট অতিথি, শিক্ষক-শিক্ষিকা, কর্মী, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক রতন কুমার সাহা , প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিশেষ সচিব এস. প্রভু, লেম্বুছড়ার কলেজ অফ এগ্রিকালচারের অধ্যক্ষ অধ্যাপক দেবাশিস সেন প্রমুখ । ফিসারী কলেজের আধিকারিক এম. সঞ্জু সিং-এর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Leave a Comment