কৈলাসহরে সেকেন্ড-হ্যান্ড শোরুমে বাইক বিক্রি করতে গিয়ে ধরা, উদ্ধার চুরি যাওয়া দুই বাইক, আটক ৩, পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

অনলাইন ডেস্ক, ০২ অক্টোবর, ২০২৬: গণেশ পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাসহর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার সূত্রে জানা যায়, কৈলাসহর বিসি নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুরের বাসিন্দা সঞ্জিত রুদ্রপালের বাইক (নম্বর—TR02F5740) এবং কৈলাসহরের সমরুরপার এলাকার বাসিন্দা অজিত দাসের বাইক (নম্বর—TR02A7906) গণেশ পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানস্থল থেকে চুরি যায়। গত ২০ সেপ্টেম্বর বিষয়টি তাঁরা কৈলাসহর থানায় মৌখিকভাবে জানান।

এরপর গত ১ অক্টোবর কৈলাসহরের ফুলবাড়ীকান্দি এলাকার একটি সেকেন্ড-হ্যান্ড বাইকের শোরুমে চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ, চুরি যাওয়া দুটি বাইকের মধ্যে একটি বাইক বিক্রি করতে সেখানে আসে এক ব্যক্তি। বাইকের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারা, নকল চাবি ব্যবহার এবং নম্বর প্লেট খুলে ফেলার বিষয়টি শোরুম কর্তৃপক্ষের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। এরপর তাঁরা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাতে কুমারঘাট রেলস্টেশন এলাকা থেকে দ্বিতীয় বাইকটিও উদ্ধার করা হয়।

এদিকে, গত ১ অক্টোবর দুই বাইকের মালিক কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কৈলাসহর থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি নম্বর 59/2026, এবং BNS-এর 303(2)/3(5) ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজ দুপুরে কৈলাসহর থানায় আয়োজিত সাংবাদিক বৈঠকে থানার ওসি তাপস মালাকার জানান, বাইক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং চুরি যাওয়া বাইকগুলো কীভাবে সেকেন্ড-হ্যান্ড শোরুমে পৌঁছল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ৪০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে