গান্ধীজয়ন্তীতে রাজ্যপালের শ্রদ্ধা জ্ঞাপন

অনলাইন ডেস্ক, ০২ অক্টোবর, ২০২৬: মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে গান্ধীজয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে আজ সকালে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মূর্তিপ্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং সত্য, অহিংসা, শান্তি, সম্প্রীতি ও স্বনির্ভরতার আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এরপর রাজ্যপাল আগরতলার গান্ধীঘাটস্থিত গান্ধীবেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁর আদর্শকে স্মরণ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল শ্রীনাল্লু বলেন, মহাত্মা গান্ধী কেবল আদর্শের কথাই বলেননি, বরং সারা জীবন তা নিজে চর্চাও করেছেন। তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান তাঁরা যেন গান্ধীজির নীতি অনুসরণ করেন এবং তাঁর চিন্তাধারা ও মূল্যবোধকে নিজেদের প্রাত্যহিক জীবনে পালন করেন। রাজ্যপাল মহাত্মা গান্ধীর স্বদেশী ও স্বনির্ভরতার ধারণার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন। রাজ্যপাল ত্রিপুরার যুবসমাজের প্রতি মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, আগরতলা পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য ও হিমাণি দেববর্মা, রাজ্যপালের সচিব ইউ. কে. চাকমা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ৪০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে