উৎসবের আমেজে বগাফার ১৪ ভিলেজে ভোট

প্রগতি ত্রিপুরা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬: উৎসবের আমেজের মধ্যেই সোমবার সকাল ৭টা থেকে শুরু হল বগাফা ব্লকের ১৪টি ভিলেজে ভিলেজ কাউন্সিলের ভোটগ্রহণ। ভোটপর্ব শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একাধিক বুথে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ ভোটারদের।

সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। স্ত্রী ও মায়ের সঙ্গে তিনি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। অন্যদিকে, দেবীপুর ভিলেজের ৩ নম্বর বুথে ভোট দেন এমডিসি কেনারাম রিয়াং। সাধারণ ভোটারদের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াংকেও।

ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন বুথে রাজনৈতিক সৌজন্যের ছবিও ধরা পড়ে। বিজেপি ও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের একাংশকে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও সৌহার্দ্য প্রকাশ করতে দেখা যায়। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও ভোটের দিন এই পারস্পরিক সৌজন্যের দৃশ্য নজর কেড়েছে।

বগাফা ব্লকের ১৪টি ভিলেজের নিয়ন্ত্রণ নিয়ে এনডিএ-র দুই শরিক দলের পক্ষ থেকেই আত্মবিশ্বাসের কথা জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায় কোন দিকে যায়, তা ফলাফল প্রকাশের পরই স্পষ্ট হবে।

ভোটগ্রহণ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও ছিল। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বগাফা ব্লকের ১৪টি ভিলেজের মোট ৪৬টি পুলিং স্টেশনে শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশে ভোটগ্রহণ চলছে। দীর্ঘ লাইনে ভোটারদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিন বগাফা জুড়ে ছিল ভোটের উৎসবের আবহ।

Leave a Comment