প্রগতি ত্রিপুরা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬: qপেঞ্চাক সিলাটে সাফল্য অর্জন করেবিলোনিয়ার মুখ উজ্জ্বল করা ১৩ জন খুদে খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হলো। আনন্দঘন পরিবেশে বিলোনিয়া বিজেপি মণ্ডল কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁদের অভিভাবক-অভিভাবিকারাও।
সম্প্রতি আগরতলায় অনুষ্ঠিত অষ্টম নর্থ ইস্ট পেঞ্চাক সিলাট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ অংশ নিয়ে বিভিন্ন বিভাগে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক অর্জন করে বিলোনিয়ার এই ১৩ জন খুদে খেলোয়াড়। গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্য থেকে প্রায় ৫০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা ও প্রতিভার পরিচয় দিয়ে সাফল্য অর্জন করে বিলোনিয়ার খুদে খেলোয়াড়রা। বিলোনিয়ার ট্রু মার্শাল আর্ট একাডেমিতে ব্ল্যাক বেল্ট প্রশান্ত শীলের কাছে নিয়মিত প্রশিক্ষণ নিয়েই তারা এই সাফল্য অর্জন করেছে।
নর্থ ইস্ট পেঞ্চাক সিলাট ফেডারেশনের উদ্যোগে, ইন্ডিয়ান পেঞ্চাক সিলাট ফেডারেশনের অধীনে এবং ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ও স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার স্বীকৃতিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে খুদে খেলোয়াড়দের উৎসাহিত করেন বিলোনিয়া বিজেপি মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত। আগামী দিনে রাজ্য ও জাতীয় স্তরে এই খেলোয়াড়রা আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
১৩ জন খুদে খেলোয়াড়ের এই সাফল্যে গর্বিত বিলোনিয়ার ক্রীড়াপ্রেমী মহল। আগামী দিনে আরও বড় মঞ্চে সাফল্য অর্জন করে রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করবে এই প্রতিভাবান খেলোয়াড়রা—এমনটাই প্রত্যাশা সকলের।








