প্রগতি ত্রিপুরা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬: ধলাই জেলা হাসপাতালে তীব্র জল সংকটের অভিযোগ উঠেছে। রোগী ও তাঁদের পরিজনদের অভিযোগ, শুক্রবার রাত থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও শৌচালয়ে জল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা।
এক রোগীর পরিজনের অভিযোগ, দীর্ঘ সময় ধরে হাসপাতালের কল থেকে এক ফোঁটা জলও পড়ছে না। এর ফলে শৌচালয় ব্যবহারের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও পরিজনদের। পরিস্থিতি সামাল দিতে কেউ কেউ হাসপাতালের বাইরে সুলভ শৌচালয় ব্যবহার করছেন বলে জানা গেছে।
পাশাপাশি পানীয় জলের জন্যও সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা। অনেকেই বাধ্য হয়ে আশপাশের দোকান থেকে বোতলজাত জল কিনে আনছেন। শুক্রবার রাত থেকেই বিষয়টি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নজরে রয়েছে বলে রোগী পরিজনদের দাবি। তবে সমস্যা সমাধানে দ্রুত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের।








