মতিনগরে রাতে ঘরের দরজা ভেঙে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সর্বস্ব লুটের অভিযোগ

প্রগতি ত্রিপুরা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬: সোনামুড়া মহকুমার মতিনগর এলাকায় এক মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন লুটের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এলাকারই এক যুবকের বিরুদ্ধে।

এই ঘটনায় এলাকায় গভীর আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম লিটন দাস। আর অভিযোগকারী গৃহবধূর নাম মন্টি সরকার।

​পুলিশের কাছে দায়ের করা অভিযোগে মন্টি সরকার জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে কাজের সূত্রে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি মতিনগর এলাকার বাড়িতে তাঁর বৃদ্ধ মায়ের সঙ্গে থাকেন। এলাকার এই নির্জন পরিস্থিতির সুযোগ নিয়েই ওই যুবক এই অপরাধ ঘটিয়েছে বলে অভিযোগ।

মন্টি দেবীর দাবি, গত রাতে খাওয়া-দাওয়া শেষ করে তিনি যখন ঘুমিয়েছিলেন, সেই সময় এলাকারই যুবক লিটন দাস ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তাঁর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে তাঁকে নিঃশব্দ থাকতে বাধ্য করে। আতঙ্কে তিনি সেই মুহূর্তে চিৎকার করতে পারেননি। এই সুযোগে অভিযুক্ত তাঁর গলায় থাকা সোনার চেইন, ঘরে থাকা নগদ ১৩ হাজার টাকা এবং একটি দামি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে অভিযুক্ত পালিয়ে যাওয়ার পর মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ঘটনার বিবরণ শোনেন।

ঘটনার আকস্মিকতায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই গৃহবধূ ও তাঁর বৃদ্ধা মা। তাঁরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত লিটন দাসের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Leave a Comment